শিক্ষার্থী নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে তদন্ত কমিটি গঠিত

 বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এক ছাত্রলীগ নেতাকে সালাম না দেওয়ায় শিক্ষার্থীকে মারধরের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। মঙ্গলবার (৬ আগস্ট) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তদন্ত কমিটির আহবায়ক হিসেবে আছেন ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন, সদস্য-সচিব হিসেবে আছেন সহকারী প্রক্টর ড. চয়ন গোস্বামী। এছাড়াও তদন্ত কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আজহারুল ইসলামকে।

এই বিষয়ের কমিটির প্রধান ড. এ কে এম জাকির হোসেন বলেন, আগামীকাল মিটিং করে কর্মপন্থা নির্ধারণ করা হবে। অপরাধ প্রমাণিত হলে দ্রুতই অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুসারে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, রবিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জামাল হোসেন হলের ছাত্রলীগ সভাপতি দীপক হালদারকে সালাম না দেওয়ার অভিযোগে প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে হলের ৫ নং কক্ষে ডেকে নেওয়া হয়। অভিযোগ আছে হল ইউনিট ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ্ হিশ শাফি, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শাহাদাত হোসেন শাওন এবং পাঠাগার সম্পাদক মো. রাহাত হোসেন রাত দেড়টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত আটকে রেখে মারধরসহ বিভিন্ন ধরনের হুমকী প্রদান করে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.