এইমাত্র পাওয়া

সরকারি চাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক হচ্ছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, সরকারি চাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক হচ্ছে। তিনি বলেন, সরকারি কর্মকর্তারা যদি মাদকাসক্ত হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০১৯’ পালন উপলক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, আজ বুধবার সারা দেশে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০১৯’ পালন করা হবে। এবারের প্রতিপাদ্য ‘সুস্বাস্থ্যই সুবিচার, মাদকমুক্তির অঙ্গীকার’। দিবসটি পালনের জন্য সরকার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। ১৯৮৮ সাল থেকে জাতিসংঘের সিদ্ধান্তে এ দিনটি পালিত হয়ে আসছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গতিশীলতা ও জনবল বেড়েছে। মাদকবিরোধী আইন-২০১৮ কে যুগোপযোগী করা হয়েছে। সারা দেশে মাদকবিরোধী জনমত তৈরি হচ্ছে। মসজিদে জুমার নামাজের খুতবায় মাদকের বিরুদ্ধে সচেতন হওয়ার কথা বলা হচ্ছে। মাদকবিরোধী পোস্টার ও লিফলেট টানানো হচ্ছে। মিডিয়ার বিভিন্ন টকশোতে মাদকের কুফল নিয়ে কথা হচ্ছে।

তিনি আরো বলেন, আগে দেশে তামাক ব্যবহার করত ৪৩ দশমিক ৩ শতাংশ মানুষ। ২০১৭ সালের এক জরিপে দেখা গেছে, তামাকের ব্যবহার ৩৫ দশমিক ৩ শতাংশে নেমে এসেছে। তার মানে উন্নতি হয়েছে। এভাবেই দেশ থেকে মাদক নির্মূল হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি চাকরিতে প্রবেশের সময় ডোপ টেস্ট বাধ্যতামূলক হচ্ছে। সবার জন্য এটি প্রযোজ্য হবে। এ ধরনের একটি অনুশাসনের ফাইলে প্রধানমন্ত্রীর অনুমোদন চেয়েছিলাম। তিনি অনুমোদন দিয়েছেন। এটা এখন বাস্তবায়ন হবে পর্যায়ক্রমে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading