এইমাত্র পাওয়া

বাঁশ দিয়ে পুনরায় আবরার স্মৃতিস্তম্ভ নির্মাণ

নিউজ ডেস্ক।।

রাজধানীর পলাশী মোড়ে ভেঙে ফেলা আবরার স্মৃতিস্তম্ভ পুনরায় বাঁশ দিয়ে নির্মাণ করা হয়েছে। ৮ অক্টোবর, বৃহস্পতিবার রাতে ছাত্র অধিকার পরিষদের একদল কর্মী ওই স্থানে আটটি বাশেঁর খুঁটি গেঁড়ে দেন। ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত মঙ্গলবার মধ্যরাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের স্মৃতির স্মরণে আখতার হোসেনের নেতৃত্বে সংগঠনটির নেতা-কর্মীরা এটি নির্মাণ করেন। আবারার ফাহাদ স্মৃতি সংসদ ব্যানারে ওই স্তম্ভ তৈরি করা হয়। তবে গত বুধবার ওই স্তম্ভটি ভেঙে ফেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

ওই ফলকে লেখা ছিলো- ‘অনন্ত মহাকালে মোর যাত্রা, অসীম মহাকাশের অন্তে।’ মূলত এই উক্তিটি আবরার ফাহাদ তার ফেইসবুক প্রোফাইলে ব্যবহার করেছিলেন।

আবরার ফাহাদ স্মৃতি সংসদের আহ্বায়ক আখতার হোসেন। তিনি ওই সময় বলেছিলেন, সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতা, দেশীয় শিল্প-কৃষি ও নদী-বন-বন্দর রক্ষা, সাংস্কৃতিক স্বাধীনতা এবং মানবিক মর্যাদা এই আটটি বিষয়ের প্রতীক হিসেবে তারা ওই আটটি স্তম্ভ বানিয়েছেন।

ওই স্তম্ভটি ভেঙ্গে ফেলার তথ্য নিশ্চিত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের জানান, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না নেয়ার কারণেই ওই স্থাপনাটি সিটি করপোরেশন ভেঙ্গে ফেলেছে।

এই ঘটনার পর বৃহস্পতিবার রাতে আবারো ওই স্থানে বাঁশের খুঁটি স্থাপন করেন আবরার ফাহাদ স্মৃতি সংসদের সদস্যরা। এ সময় আবরারের স্মৃতিস্তম্ভ পুনরায় স্থাপন করার দাবিও করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.