বগুড়ার সারিয়াকান্দিতে এক স্কুলশিক্ষকের দুই পায়ের রগ কেটে দিয়েছেন দুর্বৃত্তরা। দুই পায়ের রগ কাটা এবং মাথায় আঘাতপ্রাপ্ত ওই শিক্ষককে বৃহস্পতিবার সকালে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষক সাইফুল ইসলাম শফিকুল (৫৫)। তিনি সারিয়াকান্দি উপজেলার মাঝবাড়ি গ্রামের মৃত হাইতুল্যা প্রামানিকের ছেলে। গাবতলী উপজেলার দুর্গাহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন সাইফুল ইসলাম শফিকুল।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার সকালে শফিকুল তার বগুড়া শহরের নারুলীর বাসা থেকে বের হয়ে দুর্গাহাটা বালিকা বিদ্যালয়ে যান। সারা দিন তিনি দুর্গাহাটা এলাকাতেই ছিলেন। রাতে তিনি আর বাড়ি ফিরেননি। বৃহস্পতিবার ভোরে মাঝবাড়ি গ্রামের কয়েকজন ব্যক্তি মাছ ধরতে যাওয়ার পথে তালদহ মাঠে কাঁচা রাস্তার ওপর দুই পায়ের রগ কাটা এবং মাথায় আঘাতপ্রাপ্ত শফিকুল মাস্টারকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর সহায়তায় শফিকুল মাস্টারকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনাস্থল পরিদর্শনকারী সারিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব হাসান জানান, স্থানীয় বাসিন্দাদের কাছে সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি অজ্ঞান থাকায় এই হামলার প্রকৃত কারণ এবং হামলাকারী দুর্বৃত্তদের সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। তবে তার স্বজন ও বিদ্যালয় এলাকায় খোঁজ নেওয়া হচ্ছে কারা এবং কী কারণে তার ওপর হামলা হলো। অপরাধীদের চিহ্নিত করে আটক করা হবে বলেও জানান তিনি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
