এইমাত্র পাওয়া

নুরকে আইনি সহায়তা দিবেন ড. কামাল

নিজস্ব প্রতিবেদক।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরকে আটক ও হয়রানির নিন্দা জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। নুরের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা দাবি করেন এই সংবিধান প্রণেতা।

এছাড়াও প্রয়োজন হলে সাবেক ভিপি নুরসহ আন্দোলনরত সকল নেতৃবৃন্দকে আইনি সহায়তা দেবে বলেও জানান ড. কামাল। ২২ সেপ্টেম্বর, মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ড. কামাল হোসেন এবং রেজা কিবরিয়া এসব কথা বলেন।

বিবৃতিতে ড. কামাল বলেন, ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠনের নারী কর্মীদের দিয়ে বেশ কয়েকবার মিথ্যা ও নোংরা মামলা দিয়ে নুরকে হয়রানি করা হচ্ছে। অতীতেও রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে গরু চুরির মামলা দিয়ে হয়রানি করেছিল কিন্তু শেষ রক্ষা হয়নি। এসব নোংরা রাজনীতি বন্ধের আহ্বান জানিয়ে দ্রুত নুরের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

এর আগে ২১ সেপ্টেম্বর, সোমবার রাত সাড়ে ৮টার দিকে নুরকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণের মামলাসহ পুলিশের ওপর হামলার অভিযোগেও তাকে আটক করা হয়। এরপর তাকে নেয়া হয় ডিবি কার্যালয়ে। এর কিছুক্ষণ পরই তাকে ছেড়ে দেয়া হয়।

প্রসঙ্গত, ২১ সেপ্টেম্বর, সোমবার এবার এক তরুণীকে অপহরণ, ধর্ষণ, ধর্ষণে সহযোগিতা ও ডিজিটাল নিরাপত্তা আইনে নুরের নামে মামলা হয়। রাজধানীর কোতোয়ালি থানায় এই মামলাটি দায়ের করা হয়। এই মামলাও ছয়জনকে আসামি করা হয়।

এর আগে ২০ সেপ্টেম্বর, রবিবার রাতে নুরুল হক নুরের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী লালবাগ থানায় একটি মামলা করেন। ওই মামলায় ছয়জনকে আসামি করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.