এইমাত্র পাওয়া

একাদশে ভর্তির সময়সীমা বাড়ল

দ্বিতীয় দফায় একাদশ শ্রেণিতে ভর্তির সময় বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে।

বৃহস্পতিবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা মহামারি ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের ভর্তির সময় আগামী ২১ বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো হলো।

এর আগে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি এক বিজ্ঞপ্তিতে জানায়, একাদশে ভর্তি হতে শিক্ষার্থীদের আপাতত একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা প্রশংসাপত্র জমা দিতে হবে না। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সুবিধামতো সময়ে এসব কাগজ কলেজে জমা দিতে পারবে শিক্ষার্থীরা।

করোনা পরিস্থিতির উন্নতি হলে সুবিধামতো সময়ে সত্যায়িত একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা নিতে বলা হয়েছে। কোটা সুবিধা পাওয়া শিক্ষার্থীদের অবশ্যই কোটা প্রাপ্তি উপযুক্ত প্রমাণ সনদ দাখিল করে ভর্তি হতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

প্রসঙ্গত, প্রথম দফায় শিক্ষার্থীদের জন্য ভর্তির তারিখ ছিল ১৩, ১৪ ও ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। পরে সেই সময় দুই দিন বাড়িয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছিল। এখন নতুন ঘোষণা অনুযায়ী আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.