প্রেস বিজ্ঞপ্তি:
আজ ১৭ সেপ্টেম্বর’ ২০ মহান শিক্ষা দিবস ঊপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি ৪ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে মিছিল ও সমাবেশের কর্মসূচি পালন করে। প্রচার প্রকাশনা সম্পাদক রাফিকুজ্জামান ফরিদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার, অর্থ সম্পাদক প্রগতি বর্মন তমা।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর পাকিস্তান শাসকগোষ্ঠির শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন মোস্তফা ওয়াজিউল্লা বাবুল। সেদিন শরীফ কমিশনের শিক্ষা নীতির বিরূদ্ধে এ দেশের ছাত্রজনতা বুক চিতিয়ে সাহসের সাথে দাঁড়িয়েছিল। কি ছিল সেই শিক্ষা নীতির কথা?
শাসকগোষ্ঠি দম্ভের সাথে বলেছিল ‘ …সস্তায় শিক্ষা লাভ করা যায় বলিয়া তাহাদের যে ভুল ধারণা রহিয়াছে, তাহা শীঘ্রই ত্যাগ করিতে হইবে, যেমন দাম তেমন জিনিস। এই নীতির বিরুদ্ধে বুকের রক্ত ঢেলে সেদিন এই নীতিকে ছাত্ররা রুখে দিলেও আজ ৫৮ বছর পরেও সর্বশেষ ‘কবির চৌধুরি শিক্ষা কমিশন’ এ আমরা একই নীতির প্রতিফলন দেখতে পাই। আজও শিক্ষাকে সর্বত্র ব্যবসায়িকীকরণ-বাণিজ্যিকীকরণের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রাথমিক থেকে বিশ^বিদ্যালয় সর্বত্র বাণিজ্যিকীকরণের ভয়াল থাবা আমাদের শিক্ষার মূল উদ্যেশ্যকে ব্যহত করছে।
বর্তমানে করোনা মহামারিতেও আমরা দেখতে পাচ্ছি আয়োজন ছাড়া অনলাইন ক্লাসের মধ্য দিয়ে এখানকার শিক্ষার সংকোচন ও বৈষম্যকেই বাড়িয়ে তোলা হচ্ছে। প্রায় ৬০ – ৭০% শিক্ষাথী পর্যাপ্ত ব্যবস্থা না অনলাইন ক্লাসে থাকায় অংশগ্রহণ করতে পারছে না। উপরন্তু ডিভাইস ক্রয়ের নামে শিক্ষার্থী ঋণের ঘোষণা দেয়া হয়েছে। যা করোনাকালে শিক্ষার্থীদের আর্থিক অবস্থা বিবেচনায় অমানবিক এবং প্রশাসনের দায়িত্বহীনতার পরিচায়ক। বক্তারা এই ঘোষনার তীব্র বিরোধীতা করেন এবং অবিলম্বে অনলাইন ক্লাসে অংশগ্রহণের জন্য শিক্ষা ঋণের পরিবর্তে বিশেষ বরাদ্দের দাবি জানান।
এ সময় সমাবেশ থেকে আরো দাবি জানানো হয়:
১. স্কুল – কলেজ – বিশ^বিদ্যালয়ের এ বছরের বেতন-ফি মওকুফ কর। অস্বচ্ছল শিক্ষার্থীদেরে তালিকা তৈরি করে বিশেষ বরাদ্দ প্রদান কর।
২. পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ ব্যতিত অনলাইন ক্লাস পরিচালনা করা চলবেনা। শিক্ষা ঋণ নয়, ডিভাইস-ডাটা ক্রয়ে অনুদান প্রদান কর।
৩. বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – কর্মকর্তা – কর্মচারীদের জন্য বিশেষ বরাদ্দ দাও।
৪. ‘নিপীড়নমূলক ডিজিটাল নিরাপত্তা আইন’ ১৮ বাতিল কর।
সমাবেশে শিক্ষা দিবসের চেতনায় উক্ত দাবিতে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
