বেশ কয়েকমাস নিস্তেজ থাকার পর সূর্যে শুরু হয়েছে নতুন সাইকেল। এর ফলে এই সৌরজগতের কেন্দ্রস্থিত নক্ষত্রটিতে বইবে শক্তিশালী ঝড়। বেড়ে যাবে এর গতিবিধি। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র বিজ্ঞানীরা জানিয়েছেন, ইতোমধ্যে শুরু হয়ে গেছে ২৫তম সোলার সাইকেল।
বেশ কয়েক মাস ধরে নিস্তেজ সূর্যের আলোও ছিল ম্লান। এর মধ্যে দেখা যায়নি কোনো ধরনের সৌরঝড়। এখন ‘সোলার সাইকেল’ শুরু হওয়ায় নক্ষত্রটিতে উথাল-পাথাল হতে পারে।
সম্প্রতি সূর্যে একটি শক্তিশালী করোনিয়াল তরঙ্গ বা সৌর শিখা দেখা গেছে বলে জানিয়েছেন নাসায় কর্মরত বিজ্ঞানী লিকা গুহঠাকুরতা। এর পাশাপাশি এতে বড় কালো দাগ দেখা দেয়ায় বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন, নতুন ‘সোলার সাইকেল’ শুরু হয়েছে।
তবে এটি যে কোন অস্বাভাবিক প্রক্রিয়া নয়, তা-ও জানিয়েছেন বিজ্ঞানীরা। সূর্য ম্লান হওয়ার কয়েক মাস বা বছর পর এই ‘সোলার সাইকেল’ কাজ শুরু করে। এসময় নক্ষত্রটির অভ্যন্তরে শক্তিশালী ঝড় বয়ে যায়। বেড়ে যায় এর আভ্যন্তরীণ কর্মকাণ্ড।
তবে পৃথিবীতে একমাত্র শক্তির উৎস সূর্য ধারাবাহিকভাবে দুর্বল হচ্ছে বলে এর আগে জানিয়েছিল জার্মানির ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউট। তারা জানান, সূর্যের উজ্জ্বলতা হ্রাস পাচ্ছে।
আমাদের এই আকাশগঙ্গা ছায়াপথের (মিল্কিওয়ে গ্যালাক্সি) অন্যান্য তারকার তুলনায় সূর্যের উজ্জ্বলতা ক্রমাগত ম্লান হচ্ছে বলে জানিয়েছেন ইনস্টিটিউটের জ্যোর্তিবিজ্ঞানীরা। তারা জানান, গত ৯ হাজার বছরে সূর্যের উজ্জ্বলতা পাঁচ গুণ কমেছে।
ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউটের বিজ্ঞানী ডা. এলেকজান্ডার শাপিরো বলেন, ‘আকাশগঙ্গায় সূর্যের চেয়ে বেশি সক্রিয় তারা বা নক্ষত্র রয়েছে।’ সূর্যের সঙ্গে সূর্যের মতো আরো আড়াই হাজার তারার তুলনা করে তারা জানিয়েছেন, সূর্যের ঔজ্জ্বল্য হ্রাস পাচ্ছে।
যদিও সূর্যের ৪.৬ বিলিয়ন বছর বয়সের তুলনায় ৯ হাজার বছর তেমন কিছুই নয়। ভবিষ্যতে আরো শক্তিশালী হয়ে সর্বগ্রাসী হয়েও উঠতে পারে নক্ষত্রটি!
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
