নিউজ ডেস্ক।।
আন্তর্জাতিক ক্রিকেটে অল্পদিনের মধ্যেই সাড়া ফেলেছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। খেলায় নজরকাড়া উন্নতি দেখিয়ে ইতোমধ্যে টেস্ট স্ট্যাটাসও পেয়ে গেছে দলটি। ক্রিকেটের অভিজাত এই ফরম্যাটে হারিয়েছে বাংলাদেশকেও।
তবে তাদের বড় শক্তির জায়গা টি-টোয়েন্টি ফরম্যাট। আফগানদের অধিনায়ক ও তারকা লেগস্পিনার রশিদ খানের বল সমীহ করেন না এমন ব্যাটসম্যান বিশ্বক্রিকেটেই বিরল। রশিদের পাশাপাশি মুজিব-উর-রেহমানদের মতো তরুণ স্পিনাররাও এগিয়ে আসছেন। যে কারণে নিজেদের ক্রিকেট নিয়ে বড় স্বপ্নেই দেখতে শুরু করেছে আফগানরা।
তাই উঠে এলো রশিদ খানের মুখে। বিশ্বসেরা এই লেগ স্পিনার জানালেন, তাদের স্বপ্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। উদীয়মান প্রতিভাবান তরুণদের ওপর আস্থা রেখেই আফগান অধিনায়ক জানালেন, অনেক দূর যাওয়ার স্বপ্ন দেখছেন তারা।
ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের উপস্থাপনায় এক ইউটিউব অনুষ্ঠানে নানা বিষয় নিয়ে কথা বলেন রশিদ খান। তিনি বলেন, ‘দেশবাসীর সবচেয়ে বড় স্বপ্ন ছিল আইসিসির পূর্ণ সদস্য হওয়া এবং টেস্ট খেলা। এটা নিয়ে আমরা সবাই আশাবাদী ছিলাম। আমরা আমাদের প্রত্যাশার অনেক আগেই সেই দুই স্বপ্ন পূরণ করেছি। এই মুহূর্তে দল যে নতুন স্বপ্ন দেখছে তাহলো, টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়।’
তবে এমন স্বপ্ন দেখাকে উচ্চাশা মানতে রাজি নন রশিদ। নিজেদের দলের শক্তিমত্তার ওপর আস্থা রেখে এর ব্যাখ্যাও দেন তিনি।
রশিদ বলেন, ‘এখন এমন স্বপ্ন আমরা দেখতেই পারি। আমাদের দক্ষতা আছে। প্রতিভার দিক থেকে আমরা দারুণ। আমাদের আছে স্পিনার, আছে ফাস্ট বোলার, একই সঙ্গে আছে দক্ষ ব্যাটসম্যান।’
এখন আফগানিস্তানের খেলোয়াড়দের মধ্যে বিশ্বকাপ জয়ের আত্মবিশ্বাস দরকার বলেও মনে করেন তিনি। আর এই স্বপ্ন পূরণে বেশি সিরিজ খেলার যে বিকল্প নেই তা-ও স্বীকার করেন রশিদ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল