এইমাত্র পাওয়া

৩য় গণবিজ্ঞপ্তির জন্য ৬ষ্ঠ বার এন.টি.আর.সি তে স্মারকলিপি প্রদান

বে-সরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয় বরাবর ৬ষ্ঠ বারের মতো স্মারকলিপি প্রদান করেছেন ১-১৫তম নিবন্ধিত বেকার শিক্ষকদের প্রতিনিধিবৃন্দ। সকল নিবন্ধনধারীদের পক্ষে ৩য় গণবিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষক ফোরামের মুখপাত্র এ.আর. সুমন, সভাপতি শান্ত, সহ-সভাপতি রাজ, সাধারন সম্পাদক হাবিবুল্লাহ রাজু, মোঃ রাসেল, সাংগঠনিক সম্পাদক শফিউল, সোহরাব সহ অন্য সকল সদস্যবৃন্দ ও সাধারন নিবন্ধনধারীরা সকাল ১০.৩০টার দিকে স্মারকলিপি নিয়ে এন.টি.আর.সি.এ তে গেলে প্রথমে কেউ দেখা করবে না মর্মে কর্মকর্তাবৃন্দ বিবৃতি দেন।

পরে নিবন্ধনধারীরা ক্ষোভ প্রকাশ করলে এবং অনেক অনুরোধ ও হইচই শুরু করলে এক পর্যায়ে চেয়ারম্যান মহোদয় গেইটে এসে নিবন্ধনধারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। চেয়ারম্যান মহোদয় কয়েকজনের কথা শোনেন এবং মন্তব্য করেন গণবিজ্ঞপ্তির সবকিছুই প্রস্তুত কিন্তু রায়ের পূর্নাঙ্গ পর্যবেক্ষন কপি তাদের হাতে আসলেই তারা দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশ করবেন। তিনি নিবন্ধনধারীদের আরও ধৈর্যশীল হওয়ার জন্য অনুরোধ করেন। ৬ষ্ঠ বার স্মারকলিপি প্রদানের ক্ষেত্রে তিনি বলেন “ছয় বার স্মারকলিপি দিয়েছেন, ৬০০ বার তো নয়”! চেয়ারম্যান এর এমন বক্তব্যে নিবন্ধনধারীরা উত্তেজিত হলে কর্মকর্তাবৃন্দ পুলিশের ভয় দেখান।

চেয়ারম্যানের এমন বক্তব্য সকল নিবন্ধনধারীদের ক্ষোভ ও হতাশাকে বাড়িয়ে দিয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে নিবন্ধনধারীরা যথেষ্ট ধৈর্য ও শালীনতার পরিচয় দিয়ে উনাদেরকে তাদের দাবীসমূহ সাধ্যমত বোঝানোর চেষ্টা করেন। গণবিজ্ঞপ্তি কতটা জরুরী এসব বেকারদের জন্য নিবন্ধনধারীরা দীর্ঘ নয়মাস ধরে এন.টি.আর.সি.এ কে বিভিন্নভাবে তা বোঝানোর চেষ্টা করছে। কিন্তু কোনকিছুর তোয়াক্কা না করেই এন.টি.আর.সি.এ বিভিন্ন অযুহাত দেখিয়ে গণবিজ্ঞপ্তি বিলম্বিত করছে। যা এসব নিবন্ধিত বেকার শিক্ষকদের জন্য খুবই কষ্টের ও যন্ত্রনার।

বেকারত্বের ভয়াল থাবা, অন্যদিকে দুশ্চিন্তার কবলে এসব বেকার নিবন্ধিত শিক্ষকেরা এখন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিশেষে, নিবন্ধনধারীরা দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশের যথাযথ পদক্ষেপ গ্রহন করার জন্য কর্তৃপক্ষের নিকট আবারও অনুরোধ জানিয়েছে। তাছাড়া এই যৌক্তিক দাবী আদায়ে তারা তাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.