এইমাত্র পাওয়া

তিন দিনে একাদশে আবেদন ৮ লাখ ৪৩ হাজার ৬৫৩ জন

অনলাইন ডেস্ক:

সারাদেশে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। গত রোববার থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তিন দিনে ৮ লাখ ৪৩ হাজার ৬৫৩ জন শিক্ষার্থী আবেদন করেছে। এর মধ্যে আজ মঙ্গলবার আবেদন করেছে ২ লাখ ৬৬ হাজার ৯০৮ জন শিক্ষার্থী। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গত রোববার থেকে কলেজ-মাদরাসায় একাদশ শ্রেণিতে এবং পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হয়েছে। একাদশ শ্রেণিতে রোববার সকাল ৭টা থেকে সোমবার বেলা দুপুর ২টা পর্যন্ত ৫ লাখ ৩০ হাজার আবেদন জমা হয়েছে। তার মধ্যে গতকাল রোববার একদিনে ৩ লাখ ৬৮ হাজার ৬০৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বলেন, এবার আমাদের পেমেন্ট অপারেটর বাড়িয়ে ৭টি করা হয়েছে। এতে সহজেই আবেদন ফি জমা দিতে পারছে শিক্ষার্থীরা। একসঙ্গে অনেকে আবেদন করায় সাবমিটে সমস্যা হলেও পরে তা ঠিক হয়ে গেছে। এছাড়া কেউ অন্য কোনো সমস্যায় পড়লে তা সংশোধন বা পরামর্শ দিতে হেল্পলাইনের ব্যবস্থা করা হয়েছে। ভর্তির ওয়েবসাইট থেকে ফোন নম্বর নিয়ে যোগাযোগের সুযোগ রয়েছে শিক্ষার্থীদের।

প্রসঙ্গত, সাধারণ কলেজে ভর্তির জন্য www.xiclassadmission.gov.bd এবং কারিগরিতে ভর্তির জন্য www.btebadmission.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারছে শিক্ষার্থীরা। প্রথম পর্যায়ে ২০ আগস্ট পর্যন্ত, দ্বিতীয় পর্যায়ে ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত এবং তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ চলবে ৭ ও ৮ সেপ্টেম্বর। অনলাইনে সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ করতে পারবে শিক্ষার্থীরা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.