শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য যে চারটি ক্রাইটেরিয়া ধরে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছিল, সেটির ভিত্তিতে এমপিওর জন্য যোগ্য বিবেচনা করা হয়েছে। যোগ্য সব প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। কাউকে বঞ্চিত করা সরকারের লক্ষ্য নয়। গতকাল সোমবার সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘একজন শিক্ষকের পরিচয় তার প্রতিষ্ঠানের পারফরম্যান্স দিয়ে বিবেচিত হয়। আমরা অভিযোগ শুনি, পত্রপত্রিকায় আসে কোনো কোনো শিক্ষক টাকার বিনিময়ে শিক্ষার্থীদের নোট পড়তে, গাইড বই পড়তে, কোচিংয়ে যেতে বাধ্য করে। যাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ রয়েছে আমরা তাদের পুরস্কৃত করতে চাই না। ওইসব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিও দিলে যোগ্যতার কদর থাকে না।’
দীপু মনি বলেন, ‘যেসব শিক্ষাপ্রতিষ্ঠান যোগ্য বিবেচিত হয়নি সেগুলোর দিকে আমরা সবাই মিলে নজর দিই, চেষ্টা করি যাতে আগামীতে এমপিওভুক্তির জন্য যোগ্য বিবেচিত হয়।’ তিনি বলেন, ‘শিক্ষা খাতে ৬১ হাজার ১১৮ কোটি টাকার বাজেট বিএনপির শেষ বাজেটের দশ গুণ। বিএনপি যদি অবকাঠামোর উন্নয়ন করত, তাহলে অবকাঠামোর উন্নয়নের দিক থেকে আমরা এগিয়ে থাকতাম। বিএনপির একজন সংসদ সদস্য বলেছেন—দেশ মৃত্যুর উপত্যকা। তারা যখন আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে, শেখ হাসিনা সরকার তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে, তাই তাদের এত আপত্তি।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
