নিজস্ব প্রতিনিধি।।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তিনটি টেস্টেই আগে ব্যাটিং করেছে ইংল্যান্ড। মিল আছে আরো একটি। প্রতিবারই প্রথম ইনিংসে দলীয় সংগ্রহ তিন অংকে যাওয়ার আগে অন্তত তিন উইকেট হারিয়েছে ইংলিশরা। যথারীতি ঘুরেও দাাঁড়িয়েছে স্বাগতিক শিবির। ম্যানচেস্টারেও তাই।
শুরুর ধাক্কা কাটিয়ে দিন শেষে হাসিমুখে মাঠ ছেড়েছে ইংল্যান্ড। শুক্রবার প্রথম দিনের খেলা শেষে চার উইকেটে ২৫৮ রান করেছে জো রুটের দল। হাফসেঞ্চুরি করেছেন ররি বার্নস, অলি পোপ ও জস বাটলার। মাঝেরজন অবশ্য সেঞ্চুরির আভাস নিয়ে দিনের খেলা শেষ করেছেন।
শতক থেকে নয় রান দূরে আছেন পোপ। ১৫ ইনিংস পর হাফসেঞ্চুরি পেয়েছেন তার সঙ্গী বাটলার। ৫৬ রানে অজেয় থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন তিনি। পঞ্চম উইকেটে এই যুগলের ১৪৬ রানের দারুণ জুটিই মূলত এগিয়ে রাখছে ইংল্যান্ডকে। ১২২ রানে চার উইকেট হারানোর পর পোপ-বাটলার লড়াইয়ে ফেরান স্বাগতিকদের।
এর আগে দিনের শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। প্রথম ওভারের শেষ বলে সাজঘরে ফিরে যান আগের টেস্টের সেঞ্চুরিয়ান ডম সিবলি। দলীয় অর্ধশতক ছোঁয়ার আগে রান আউটের ফাঁদে পড়লেন জো রুট। ১৭ রানে আউট হন ইংলিশ দলপতি। কুড়ি রানে ফেরেন আগের ম্যাচের নায়ক বেন স্টোকস।
সতীর্থদের আসা-যাওয়ার মাঝে হাফসেঞ্চুরি তুলে নেন ওপেনার বার্নস। ব্যক্তিগত ৫৭ রানে কর্নওয়ালের হাতে ক্যাচ তুলে দেন তিনি। বার্নসের ঘাতক রোস্টন চেজ। রুটের রান আউটেও ছিল তার হাত। ইংলিশদের পতন হওয়া বাকি দুই উইকেট নিয়েছেন কেমার রোচ। সিবলিকে এলবি এবং স্টোকসকে বোল্ড করেন তিনি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
