বিনোদন ডেস্ক :
প্লেব্যাক সম্রাটকে শেষবারের মতো দেখতে এসেছেন রাজশাহী শহরের সংগীতপ্রেমীরা। অসংখ্য ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন। তার মরদেহের উপর ফুল রেখে শ্রদ্ধা জানাচ্ছেন সবাই।
রাজশাহীর স্থানীয় চার্চে আজ ১৫ জুলাই শেষ শ্রদ্ধা জানাতে নিয়ে আসা হয়েছে এন্ড্রু কিশোরকে। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত গির্জার মধ্যে রাখা হয় তাকে। এরপর প্রিয় গায়কের পরিবার পরিজন ছেলে মেয়েদের নিয়ে প্রর্থনা করেন ফাদার।

প্রার্থনা শেষে সাধারণের শ্রদ্ধা জানাতে চার্চের সামনে রাখা হয় মরদেহ। এখানে সবাই ফুলে ফুলে সিক্ত করেন এন্ড্রু কিশোরকে। প্রিয় এই শিল্পীর পরিবারের সদস্যরা ও শোভাকাঙ্খি-ভক্তরা শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন তাকে। ফুলে ফুলে সেজেছেন এন্ড্রু কিশোর।
চার্চের আয়োজন শেষ হলে এন্ড্রু কিশোরের মরদেহ নিয়ে আসা হবে রাজশাহীর কালেক্টরেট মাঠের পাশে খ্রিষ্টানদের কবরস্থানে। সেখানে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় যাবেন এদেশের প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর।

প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বর থেকে ক্যান্সারে (নন-হজকিন লিম্ফোমা) আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন এন্ড্রু কিশোর। ৯ মাস পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন এন্ড্রু কিশোর ১১ জুন রাত আড়াইটার একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন। তারপর ঢাকার বাসায় বেশকিছু দিন অবস্থান করে শরীরের অবস্থা বিবেচনায় ও কোলাহলমুক্ত থাকতে রাজশাহী চলে আসেন।

তারপর থেকে সেখানে তার বোনের বাসা সংলগ্ন ক্লিনিকেই ছিলেন। সবাইকে কাঁদিয়ে ৬ জুলাই না ফেরার দেশে চলে গেছেন গানের মহারাজ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
