এইমাত্র পাওয়া

নারায়ণগঞ্জ জেলা পুলিশের প্লাজমা ব্যাংকের প্লাজমায় সুস্থ হলেন সিদ্ধার্থ সাহা

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :

এসআই সিদ্ধার্থ সাহা। চাকুরি করেন কক্সবাজার জেলায়। করোনা আক্রান্ত হয়ে মুমূর্ষু অবস্থায় তাঁকে আনা হয় কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ঢাকায়। চরম শ্বাসকষ্ট আর অক্সিজেন লেবেল কমে যাওয়ায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসকদের শেষ ভরসা প্লাজমা থেরাপি। ঘটনা ০২ জুন, ২০২০ তারিখের।পুলিশের সকল ইউনিটে সংবাদ দেয়া হয় প্লাজমা প্রদানের জন্য ডোনার প্রেরণের। নারায়ণগঞ্জ জেলা পুলিশের প্লাজমা ব্যাংকের তালিকা থেকে এসআই মোঃ রফিউদ্দৌলাকে জানানো হয় প্লাজমা প্রদানের জন্য।

তিনি দ্রুত ছুটে যান কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের ব্লাড ব্যাংকে। নেয়া হয় তার শরীর থেকে প্লাজমা। দেয়া হয় এসআই সিদ্ধার্থ সাহার শরীরে। দ্রুত সুস্থ হয়ে আইসিইউ থেকে বের হন তিনি। পরবর্তী চিকিৎসায় তিনি পুরোপুরি সুস্থ হয়ে আজ ২৮ জুন এসেছিলেন নারায়নগঞ্জ জেলা পুলিশ এবং প্লাজমা দাতাকে কৃতজ্ঞতা জানাতে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে প্লাজমা দাতা এবং গ্রহীতা দু’জনকেই জানানো হয় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন। এসআই সিদ্ধার্থ সাহা তার আবেগঘন বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশের প্লাজমা ব্যাংক ও প্লাজমা দাতাকে কৃতজ্ঞতা জানাতে গিয়ে কেঁদে ফেলেন। তিনি নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার) মহোদয়কে প্লাজমা ব্যাংক গঠন ও তাঁকে প্লাজমা প্রদানে সহযোগিতা করার জন্য অশেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসআই মোঃ রফিউদ্দৌলাকে তিনি যারপর নাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এসআই মোঃ রফিউদ্দৌলা তার বক্তব্যে জীবনের সবচেয়ে বড় অর্জন এ প্লাজমা দান উল্লেখ করে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার) মহোদয়কে এ সুযোগ দানের জন্য কৃতজ্ঞতা জানান।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুভাষ চন্দ্র সাহা, সিনিয়র সহকারি পুলিশ সুপার (ট্রাফিক) সালেহ উদ্দিন আহমেদ, সহকারি পুলিশ সুপার (এসএএফ) মোঃ রুবেল হক ও অন্যান্য কর্মকর্তাগণ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.