এইমাত্র পাওয়া

পালিত হচ্ছে পবিত্র রাত শবে কদর

নিউজ ডেস্ক।।

সারা দেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ইবাদত বন্দেগির মাধ্যমে আজ বুধবার রাতে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর অতিবাহিত করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

নিজেদের গুনাহ মাফ, বরকত কামনাসহ দেশ ও মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধ লাভে মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনায় চোখের পানি ফেলছেন মোমিন বান্দারা।

লাইলাতুল কদরের রাতটি মুসলিম সম্প্রদায়ের কাছে অনেক ফজিলতপূর্ণ ও বরকতময়। পবিত্র কোরআনে এ রাতকে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত ঘোষণা করেছেন মহান আল্লাহ।

মাহে রমজানের এ রাতেই মানবজাতির জন্য সার্বিক দিকনির্দেশনা, কল্যাণ ও তাদের পূর্ণাঙ্গ জীবনবিধান হিসেবে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদ নাজিল করেন।

সারা দেশে মুসলমানরা নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির ও দরুদ পাঠের মাধ্যমে রাতটি অতিবাহিত করেন।

রাতটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়ে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন।

রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, ‘আমরা এমন একটি সময়ে পবিত্র রমজান মাস পালন করছি যখন সারা বিশ্ব নভেল করোনাভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত। বিশ্বব্যাপী প্রতিদিন হাজার হাজার মানুষ এ ভাইরাসে আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুবরণ করছে। বাংলাদেশও এ ভাইরাসের আক্রমণের শিকার। আসুন শবে কদরের এ পবিত্র রজনিতে আমরা সর্বশক্তিমান আল্লাহর দরবারে এ মহামারি থেকে রক্ষার জন্য প্রার্থনা করি।’

প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, ‘আসুন, আমরা সবাই এ মহিমান্বিত রজনিতে মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষভাবে ইবাদত ও দোয়া করি যেন আল্লাহ বাংলাদেশের জনগণসহ বিশ্ববাসীকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি দেন।’

পবিত্র এ রজনীতে শেখ হাসিনা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম জাহানের উত্তরোত্তর উন্নতি, শান্তি ও কল্যাণ কামনা করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.