নিউজ ডেস্ক।।
নতুন এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২১ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে।শনিবার (১৬ মে) কারিগরি শিক্ষা অধিদফতর এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়।
জানা যায়, অধিদফতরে আসা নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকদের ৩০৯টি আবেদন পড়েছে। সেখান থেকে যাচাই শেষে ১২১ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।এর আগে শনিবার দুপুরে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা প্রদান বিষয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের জরুরি সভা অনুষ্ঠিত হয়।
বৈঠকে ঈদের আগে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। মাউশির মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক জানান, বিষয়টি নিয়ে মাউশির সংশ্লিষ্ট বিভাগের হিসাব নিকাশ শেষে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয়কে মোট অর্থের ব্যাংক চেক পাঠালে মাউশি থেকে তা সংশ্লিষ্ট ব্যাংকে পাঠানোর পর শিক্ষক-কর্মচারীরা অর্থ উত্তোলন করতে পারবেন। জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ব ঘোষণা অনুযায়ী গত বছরের ১ জুলাই থেকে এরিয়ারসহ পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা।
গত আগস্টে ঈদুল আযহা ছিল। সেই উৎসব বোনাসটি বকেয়া পাবেন। আর এবার বৈশাখী ভাতা পেয়েছেন পুরনো এমপিওভুক্ত শিক্ষকরা। নতুন শিক্ষকরা সেটা বকেয়া হিসেবে পাবেন। এর সঙ্গে যুক্ত হচ্ছে আগামী ২৫ মে’র সম্ভাব্য ঈদুল ফিতরের ভাতা। এসব সুবিধা নতুন এমপিওভুক্ত শিক্ষকের ন্যায্য পাওনা। ঈদের আগেই তাদের জন্য চেক ছাড় করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
