এইমাত্র পাওয়া

কলেজেও শুরু হচ্ছে অনলাইন ক্লাস

নিজস্ব প্রতিবেদক।।

এবার সরকারি-বেসরকারি কলেজগুলোতেও অনলাইনে ক্লাস শুরুর উদ্যোগ নেওয়া হচ্ছে। রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের অধিভুক্ত দুই হাজার ২৬০টি কলেজে অনলাইন ক্লাস চালুর তাগিদ দিয়েছে। এর আগে উচ্চ মাধ্যমিক কলেজগুলোতেও তথ্যপ্রযুক্তির সহায়তায় শিক্ষাকার্যক্রম পরিচালনা করতে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনায় বলা হয়, যেসব কলেজের অনলাইনে ক্লাস নেওয়ার সক্ষমতা রয়েছে তারা জরুরি ভিত্তিতে অনলাইন ক্লাস চালু করবে। যেসব কলেজে অনলাইন ক্লাস সুবিধা নেই, তাদেরকেও দ্রুত এই সুবিধার আওতায় আসতে নির্দেশ দেওয়া হচ্ছে। এক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মোবাইল অ্যাপস বা জুম সফটওয়্যার ব্যবহার করে অনলাইনে ক্লাস নেওয়া যেতে পারে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কোভিড-১৯ ছড়িয়ে পড়ার আগ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে কোনো সেশনজট ছিল না। সেই ধারাবাহিকতা বহাল রাখতে লকডাউন শেষে পরীক্ষা অনুষ্ঠানের নিমিত্তে প্রতিটি শিক্ষার্থীকে নিজ ঘরে বসে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি নিতে বলা হচ্ছে। এই দুর্যোগ কাটিয়ে ওঠার পর যেন একের পর এক পরীক্ষা নেওয়া যায় সে ব্যাপারে সকল প্রস্তুতি কলেজ ও শিক্ষার্থীদের থাকতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও অনলাইন কার্যক্রম চালু রাখতে হবে। ছুটি দীর্ঘায়িত হলে নতুন করে সেশনজটে না পড়তে পরীক্ষা ও উত্তরপত্র মূল্যায়নের প্রস্তুতি নেওয়ার জন্য শিক্ষকদের কাজ করে যেতে বলা হয় বিজ্ঞপ্তিতে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.