মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :
একজন স্বেচ্ছাসেবক অমিত হাসান মিরাজ। কভিড-১৯ পজেটিভ হয়ে দুদিন ধরে হোম কোয়ারেন্টিনে। অমিত সোনারগাঁও উপজেলা প্রশাসনের সঙ্গে একজন স্বেচ্ছাসেবী হিসাবে আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করেন। মানুষকে করোনাভাইরাস মুক্ত রাখতে কাজ করেন মাঠে ময়দানে। অন্যকে সচেতন করতে করতে করোনা তার শরীরে বাসা বাঁধে। আজ অমিতের জন্মদিন।
একমাত্র সন্তানের ভবিষ্যৎ ভাবনায় অসহায় মায়ের বুকে সাহস সঞ্চয় করেন ইউএনও। অমিতকে সাহস আর মাকে উজ্জীবিত করতে রাত ৮টায় একদল স্বেচ্ছাসেবক নিয়ে অমিতের বাড়িতে হঠাৎ হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম।
এরপর সামাজিক দূরত্ব বজায় রেখে মোমের আলোয় আলোকিত করে অনাড়ম্বর এক অনুষ্ঠানে পালিত হয় অমিতের জন্মদিন। ছোট একটি কেক কেটে স্বেচ্ছাসেবীরা একসঙ্গে গেয়ে উঠে হ্যাপি বাথ ডে টু ইউ অমিত। এ সময় অমিত দূরে দাঁড়িয়ে উপভোগ করে তার এ আলোকিত জন্মদিন। পুরো আয়োজন দেখে অমিতের মায়ের চোখে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ে।
এ সময় তিনি বলেন, সত্যি আজ আমি গর্বিত। আপনারা আমার ছেলের জন্য যা করলেন তা আমি কোনোদিন ভুলব না।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম অমিতের মাকে বলেন, এই বৈশ্বিক মহামারিতে আপনার ছেলে অমিত স্বেচ্ছাসেবক হিসেবে যেভাবে সোনারগাঁয়ের দুস্থ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, যেভাবে দিনরাত এক করে নিজেকে উজার করে দিয়েছে কোনো ভাষাতেই তার কৃতজ্ঞতা প্রকাশ সম্ভব নয়।
আপনি এক রত্নগর্ভা মা। উপজেলা নির্বাহী অফিসার বলেন, আপনি কখনো নিজেকে একা ভাববেন না। আমরা সবাই আপনার সঙ্গে আছি। আমরা সবাই আপনারই সন্তান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
