কুবি প্রতিনিধি:
বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস আতঙ্কে এবার বন্ধ ঘোষণা করা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। আগামী ১৮ মার্চ (বুধবার) থেকে ৩১ মার্চ (মঙ্গলবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরণের কার্যক্রম বন্ধ থাকবে। একইসাথে বন্ধ থাকবে আবাসিক হলগুলোও।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তাহের সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার সরকার কর্তৃক দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার পরপরই এমন সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসাথে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে নভেল করোনা মোকাবেলায় সতর্ক ও সাবধানতা অবলম্বন করতে নির্দেশ দিয়েছেন তারা।
এর আগে করোনা আতঙ্কে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৩টি বিভাগের শিক্ষার্থীরা তাদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করতেও তারা প্রশাসনের কাছে দাবি জানান।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। বিশ্বজুড়ে এ পর্যন্ত ভাইরাসটিতে ছয় হাজার ৫১৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা এক লাখ ৬৯ হাজার ৬০৫। বাংলাদেশে এখন পর্যন্ত ৮ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
