এইমাত্র পাওয়া

কুড়িগ্রামের ডিসির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

আবুল হোসেন বাবলুঃ

সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে অপহরণ, নির্যাতন ও মিথ্যা মামলায় কারাদন্ড দেয়ার ঘটনায় জড়িত কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীনকে চাকরিচ্যুত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে রংপুরের সম্মিলিত সাংবাদিক সমাজ। একই সাথে সাংবাদিক আরিফুলের নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা।

রোববার (১৫ মার্চ) বিকেলে রংপুর প্রেসক্লাব চত্বরে সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত গণসমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সাংবাদিক নির্যাতনের ঘটনায় দ্রুত সময়ের মধ্যে ডিসিকে প্রত্যাহার ও তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত নেয়ার আশ্বাসে সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আরিফুলকে শুধু জামিনে মুক্তি দিলে হবে না। তাকে নিঃশর্ত মুক্তি এবং তার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। একই সাথে রাতের আঁধারে আইনের অপব্যবহারকারী ডিসি, সুলতানা পারভীন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করতে হবে হবে।

এদিকে ভ্রাম্যমাণ আদালতে বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি সাংবাদিক আরিফুল ইসলামকে সাজা দেওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেন, ‘একজন সাংবাদিককে ধরতে মধ্যরাতে তার বাসায় ৪০ জনের বিশাল বাহিনী গেলো, এ তো বিশাল ব্যাপার! তিনি কি দেশের সেরা সন্ত্রাসী?’

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার (১৫ মার্চ) বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ শুনানি হয়।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্য্য।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীকে আগামীকাল সোমবারের (১৬ মার্চ) মধ্যে রায়ের কপি, সাজা ভ্রাম্যমাণ আদালত নাকি টাস্কফোর্স দিয়েছে, মধ্যরাতে এভাবে কারও বাসায় যাওয়ার এখতিয়ার আছে কিনা প্রভৃতি তথ্য দাখিল করতে বলেছেন হাইকোর্ট।

রংপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও গণসমাবেশে সম্মিলিত সাংবাদিক সমাজের আহবায়ক সাইদুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সদস্য সচিব রতন সরকার, রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু, সাধারণ সম্পাদক রফিক সরকার, রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন বাবলু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি হালিম আনছারী, সাধারণ সম্পাদক শাহ্ বায়েজীদ আহম্মেদ, যুগ্ম সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক, সিটি প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন চৌধুরি, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আদর রহমান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ডিসি সুলতানা পারভীন নিজের অপকর্ম ও দুর্নীতি আড়াল করতে গিয়ে যেভাবে আইনের অপব্যবহার করেছেন, তা সরকার ও প্রশাসনের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। তাকে শুধু প্রত্যাহার নয়, চাকরিচ্যুত করতে হবে। ভবিষ্যৎতে আর কেউ যাতে আইন প্রয়োগের নামে মানবাধিকার লঙ্ঘন করতে না পারে তার দৃষ্টান্ত দাড় করাতে হবে। গণসমাবেশে বৃহত্তর রংপুরের ২৮টি সাংবাদিক সংগঠনসহ সকল শ্রেণী পেশার মানুষ অংশ নেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.