শিক্ষাবার্তা ডেস্ক :
প্রস্তাবিত শিক্ষা আইন খসড়া নিয়ে পত্র-পত্রিকায় প্রকাশিত খবরের ভিত্তিতে আইনটির কয়েকটি ধারা বাতিল ও সংযোজনের দাবি জানিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। তাদের দাবি না মানলে আগামী ২৪ ফেব্রুয়ারি সারাদেশের বইয়ের দোকানে ধর্মঘট ও মানববন্ধন করবেন তারা।
একই দাবিতে তারা জেলা প্রশাসকদের মাধ্যমে শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দেবেন। পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সংবাদ সম্মেলনে এই দাবি করেছেন। সমিতির সভাপতি মো. আরিফ হোসেন আজ ২২ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে তারা প্রস্তাবিত শিক্ষা আইনে নোট-গাইড ও অনুশীলন বই সম্পর্কে কি আছে আর তারা কি চান তা তুলে ধরেছেন। আরিফ হোসেন বলেন, সম্প্রতি শিক্ষা আইনের খসড়ায় পাঠ্যপুস্তক প্রকাশের ক্ষেত্রে যেসব ধারা-উপধারা সংশোজন করা হচ্ছে তা চূড়ান্ত হয়ে গেলে শিক্ষাব্যবস্থার অবনতি ঘটবে। লেখক, প্রকাশক ও শিক্ষার্থীরা তাদের মুক্তচিন্তা চর্চায় বাধাগ্রস্ত হবেন।
রাব্বানী জব্বার, কামরুজ্জামান শায়খসহ সমিতির সব পর্যায়ের নেতারা এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। খসড়া আইনটির চারটি ধারায় আপত্তি সম্পর্কে তারা বলেন, প্রস্তাবিত শিক্ষা আইনে বলা হয়েছে, কোনও প্রকার নোট বা গাইড বই মুদ্রণ, বাঁধাই ও প্রকাশ করা যাবে না। যদি কোনো প্রকাশক এই আইন অমান্য করে নোট বা গাইড প্রকাশ করেন তাহলে তিন বছরের কারাদণ্ড বা ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। আইনটি যদি চূড়ান্ত হয় তাহলে বই প্রকাশের সঙ্গে যুক্ত আমরা প্রায় ২৪ লাখ মানুষ পথে বসে যাবো। এতে শিক্ষাব্যবস্থারও অবনতি ঘটবে।
তারা দাবি করেন, আমরা ছোট বেলাতে কি শুধু একটা বই পড়েছি? যে লেখকের বই পছন্দ হয়েছে সেই বই পড়েছি। নানা রকমের বই পড়ে নানা রকম জ্ঞান নিয়েছি। এখনও শিক্ষার্থীরা যে বই পছন্দ করে সে বই কিনে পড়ে। এতে তাদের জ্ঞান বৃদ্ধি পায়। কিন্তু এনসিটিবি যদি মাত্র একটি বই নির্ধারণ করে দেয় এবং সেটাই পড়তে হয় তাহলে তো মুক্ত চিন্তার বিকাশ ঘটবে না। শিক্ষার্থীরা একটি সীমাবদ্ধ জ্ঞানের মধ্যে আটকে যাবে। কাজেই বই প্রকাশের স্বাধীনতা তো থাকতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
