এইমাত্র পাওয়া

পাল্টাপাল্টি আন্দোলন :পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের দাবিতে

পাবনা প্রতিনিধি

আসন্ন এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে পাবনায় দুটি খ্যাতনামা সরকারি কলেজের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি আন্দোলনে নেমেছে। পাবনা সরকারি মহিলা কলেজের পরীক্ষাকেন্দ্র সরকারি শহীদ বুলবুল কলেজে পড়ায় রোববার বিক্ষোভ করেছে পাবনা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি সরকারি শহীদ বুলবুল কলেজের শিক্ষার্থীরা সরকারি মহিলা কলেজ থেকে তাদের কেন্দ্র পরিবর্তনের দাবিতে আন্দোলন শুরু করে। পরীক্ষার আগে পড়াশোনা নষ্ট করে তারা কেন কেন্দ্র নিয়ে মাথা ঘামাচ্ছে এ নিয়ে প্রশ্ন উঠেছে। রোববার দুপুরে পাবনা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।

পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে লিখিত স্মারকলিপি প্রদান করে। এ সময় শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে তাদের দাবির বিষয় তুলে ধরে বলেন, গত ২১ জানুয়ারি সরকারি মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষারকেন্দ্র সরকারি শহীদ বুলবুল কলেজ পরিবর্তন করে পাবনা সিটি কলেজে পরীক্ষারকেন্দ্র ঘোষণা করা হয়। কিন্তু হঠাৎ করেই ঘোষিত কেন্দ্র সিটি কলেজ থেকে পরিবর্তন করে আবারো সরকারি শহীদ বুলবুল কলেজে কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

যেটি আমাদের সকল পরিক্ষার্থীর মানসিকভাবে ভালো পরীক্ষার দেয়ার ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, বুলবুল কলেজে পরীক্ষা দিতে গেলে নানা সমস্যায় পড়তে হয় তাদের। নিরাপত্তাহীনতাসহ শিক্ষকদের পরীক্ষার সময় হয়রানি ও নানা ধরণের সমস্যার অভিযোগ করেন শিক্ষার্থীরা। এই অবস্থায় সরকারি মহিলা কলেজের পরীক্ষাকেন্দ্র পরিবর্তন করে অন্য যেকোনো কলেজে করার দাবি জানায় শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জেলা প্রশাসকরে কাছে স্মারকলিপি প্রদান করলে প্রথমে দাবির বিষয়ে কোনো আশ্বাস না পেয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা।

একঘন্টা পরে উভয় কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সাথে আলোচনার পরে তাদের দাবির বিষয়ে সমাধানের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ করেন জেলা প্রশাসক। এ বিষয়ে পাবনা জেলা প্রশাসক কবির মাহামুদ বলেন, পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের জন্য উভয় কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করছে। তবে এই বিষয়টি মোটেও ভালো নয়। শিক্ষার্থীরা কেন পড়াশোনা বাদ দিয়ে পরীক্ষার কেন্দ্রের কথা মাথায় আনবে? এর পেছনে অন্য কোনো বিষয় রয়েছে। যে সকল কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হয় সকল কলেজের প্রধানদের সাথে কথা বলব। শিক্ষার্থীদের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে।

কি কি নিরাপত্তা আর সমস্যা পড়তে হয় তাদের সেটি দেখা হবে এবং তাদের দাবির বিষয়টি অবশ্যই বিবেচনা করা হবে। খোঁজ নিয়ে জানা গেছে, পাবনা শহরের এই দুটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার কেন্দ্র ও পরীক্ষার ফলাফল নিয়ে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ কোন্দল চলে আসছে।

গত ৫ ফেব্রুয়ারি সরকারি শহীদ বুলবুল কলেজের শিক্ষার্থীরা সরকারি মহিলা কলেজ থেকে তাদের কেন্দ্র পরিবর্তনের দাবিতে আন্দোলন শুরু করে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.