এইমাত্র পাওয়া

মার্চের বেতন কাল অথবা পরশু পাবেন শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক।।

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতনের প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বেতনের তথ্য আইবাস সফটওয়্যারে যুক্ত হয়েছে। ৮ অথবা ৯ এপ্রিল বেতন তুলতে পারবেন শিক্ষকরা।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশ্বস্ত একটি সূত্র রূপালী বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে প্রায় পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারীর মার্চ মাসের বেতনের প্রস্তাব রোববার (৫ এপ্রিল) অনুমোদন দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ইএমআইএস সেলের এক কর্মকর্তা জানান, বেতনের তথ্য আইবাস-এ যুক্ত করার পর এটি বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ ছাড় হতে হবে। এরপর সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে বেতন যাবে। এক দুই দিনের মধ্যে বেতন পেয়ে যাবেন শিক্ষকরা।

প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।

সূত্র জানায়, এই ধাপে স্কুল ও কলেজ মিলিয়ে মোট ৩ লাখ ৯১ হাজার ৮৭০ জন শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা পাঠানো হয়েছে। এর মধ্যে ১৭ হাজার ২৩৭টি স্কুলের ৩ লাখ ৩ হাজার ৮৮৮ জন। আর দুই হাজার ৬১৯টি কলেজের ৮৭ হাজার ৯৮২ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

শিক্ষাবার্তা /এ/ ০৭/০৪/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.