নিজস্ব প্রতিবেদক।।
রাজধানীর কোতোয়ালী থানার নয়াবাজার পার্ক এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রাসেল (৩১) নামে যুবদলের এক সদস্য গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৩ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহত রাসেল কোতোয়ালি থানা যুবদলের সদস্য ও রাজধানীর শ্যামপুর আরসিং গেট এলাকার মোহাম্মদ আলীর ছেলে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে।
রাসেলের বন্ধু রিপন দাস গণমাধ্যমকে জানান, শুক্রবার রাতে নয়াবাজার পার্ক এলাকায় অবস্থানকালে হঠাৎ একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একটি গুলি রাসেলের বুকের বাম পাশে বিদ্ধ হয়। গুলির পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নয়াবাজার এলাকা থেকে গুলিবিদ্ধ রাসেলকে হাসপাতালে আনা হয়। তার বুকের বাম পাশে গুলির আঘাত ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে স্বজনরা তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি ফয়সাল যুগান্তরকে জানান, এ ধরনের একটি ঘটনার তথ্য তারা পেয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিজেদের মধ্যে বিরোধের জেরেই একটি পক্ষ রাসেলকে গুলি করেছে। তবে ঘটনাটি কোথায় ঘটেছে—এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শিক্ষাবার্তা /এ/০৪ /০৪/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
