এইমাত্র পাওয়া

নায়েমের পরিচালক হলেন প্রিম রিজভী

নিউজ ডেস্ক।। 

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) নতুন পরিচালক (প্রশিক্ষণ ও বাস্তবায়ন) হিসেবে পদায়ন পেয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক প্রিম রিজভী। একই আদেশে নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ এবং পাবনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রশিক্ষণ শাখার উপপরিচালক হিসেবে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক প্রিম রিজভী এখন থেকে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) পরিচালক (প্রশিক্ষণ ও বাস্তবায়ন) দায়িত্ব পালন করবেন।

একইসঙ্গে ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. শফিক নেওয়াজ তালুকদারকে নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ এবং ওই কলেজের ব্যবস্থাপনার অধ্যাপক মো. আব্দুল বারী মির্জাকে পাবনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে। এ ছাড়া নায়েমের সাবেক পরিচালক ড. সৈয়দা সারাহ শিমুলকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ওএসডি করে ইডেন মহিলা কলেজে সংযুক্ত করা হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব তানিয়া ফেরদৌসের সই করা ওই আদেশে আরো বলা হয়েছে, বদলি ও পদায়নকৃত এই কর্মকর্তাদের আগামী ২ এপ্রিলের তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ওই দিন বিকেলেই তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।

জনস্বার্থে জারি করা এই আদেশ কার্যকর করতে কর্মকর্তাদের আবশ্যিকভাবে নিজস্ব পিডিএস লগইন করে অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.