বরিশাল প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মীরা বরিশাল মহানগর মহিলাদলের সভাপতি অধ্যাপিকা ফারহানা তিথিকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চান। তারা মনে করেন, দীর্ঘদিনের ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং সংগঠন গড়ে তোলার অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ দায়িত্ব দেওয়া হলে তা ত্যাগী নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণা হবে।
দলীয় সূত্রে জানা যায়, অধ্যাপিকা ফারহানা তিথি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। বরিশাল জেলা মহিলাদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সংগঠনকে সক্রিয় ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরে তার সাংগঠনিক দক্ষতা ও কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তাকে বরিশাল মহানগর মহিলাদলের সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
নেতাকর্মীরা জানান, বিএনপির দুঃসময়ে তিনি বরিশাল ও ঢাকাসহ বিভিন্ন স্থানে দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। আন্দোলন-সংগ্রামের বিভিন্ন কর্মসূচিতে তিনি রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং নারী কর্মীদের সংগঠিত করেছেন। ২৮ অক্টোবর ঢাকার পল্টনে দলীয় কর্মসূচিতে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেও দীর্ঘ সময় কর্মসূচির মধ্যেই অবস্থান করেন বলে জানা গেছে।
দলীয় নেতাকর্মীরা আরও বলেন, একজন কলেজের সহ-অধ্যাপক হওয়া সত্ত্বেও তিনি ব্যক্তিগত জীবনের নানা ঝুঁকি ও চাপ উপেক্ষা করে দলীয় কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার কারণে তাকে একাধিকবার শোকজের মুখোমুখি হতে হয়েছে বলেও জানা গেছে।
করোনাকালে মানবিক কার্যক্রমেও তার সক্রিয় ভূমিকা ছিল বলে দাবি করেন স্থানীয় নেতাকর্মীরা। সে সময় নিজ উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে নগদ সহায়তা, খাদ্যসামগ্রী ও চিকিৎসা সহায়তা প্রদান করেন। অনেক ক্ষেত্রে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্ন এলাকার নারীদের সহায়তা পাঠানো হয়।
নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন ধরে তিনি নারীদের সংগঠিত করা, উঠান বৈঠক, পথসভা ও বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার কাজ করে আসছেন। ফলে বরিশাল মহানগরে নারী কর্মীদের মধ্যে তার ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
তারা বলেন, দলের কঠিন সময়ে যারা রাজপথে থেকে সংগঠনকে শক্তিশালী করেছেন, তাদের মূল্যায়ন করা হলে তৃণমূল নেতাকর্মীরা আরও উৎসাহিত হবেন। এ কারণে তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে অধ্যাপিকা ফারহানা তিথির অবদান বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে অধ্যাপিকা ফারহানা তিথি বলেন, তিনি দীর্ঘদিন ধরে দলের আদর্শ ধারণ করে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন এবং ভবিষ্যতেও দলের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী কাজ করে যাবেন।
স্থানীয় নেতাকর্মীরা আশা করছেন, দলের শীর্ষ নেতৃত্ব ত্যাগী ও মাঠের রাজনীতির কর্মীদের মূল্যায়নের বিষয়টি বিবেচনায় নেবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
