এইমাত্র পাওয়া

তেলের ডিপোর নিরাপত্তায় সেনা মোতায়েনের নির্দেশ

ঢাকা: জ্বালানি তেল নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে দেশের প্রধান তেলের ডিপোগুলোতে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশনা দিয়েছে সরকার।

সোমবার (৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতিতে দেশের বিভিন্ন ডিপো থেকে কিছু ক্ষেত্রে ডিলারদের হঠাৎ বেড়ে যাওয়া চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ করা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। এর ফলে জ্বালানি তেল বিপণন কোম্পানিগুলোর কয়েকটি গুরুত্বপূর্ণ ডিপোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ডিপোগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় অবস্থিত প্রধান স্থাপনা, খুলনার দৌলতপুর, সিরাজগঞ্জের বাঘাবাড়ি, নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুরের পার্বতীপুর এবং বরিশাল ডিপো।

এতে আরও বলা হয়েছে, দেশের জ্বালানি তেলের ডিপোগুলো কেপিআইভুক্ত স্থাপনা হওয়ায় জরুরি ভিত্তিতে এর নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এ প্রেক্ষিতে বিপণন কম্পানিগুলোর উল্লিখিত স্থাপনার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জরুরি ভিত্তিতে সেনাবাহিনী মোতায়েন প্রয়োজন।

এদিকে গত শনিবার (৭ মার্চ) তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের প্রস্তাব দেন বিপিসির চেয়ারম্যান মো. রেজানুর রহমান।

তার স্বাক্ষরিত দুটি পৃথক চিঠিতে এ বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়।
 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.