এইমাত্র পাওয়া

ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়, তদন্তে সত্যতা প্রমাণিত

নিউজ ডেস্ক।। 

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিম পাটুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে ফ্যামিলি কার্ডের নামে অনলাইনে ১০০ টাকা করে আদায়ের অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। ঐ ইউনিয়নের দরিদ্র মহিলাদের টার্গেট করে এ অর্থ হাতিয়ে নেয়া হচ্ছিল বলে জানা

শুক্রবার (৬ মার্চ) দুপুরে তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সরেজমিন তদন্তে দেখা গেছে দরিদ্র নারীদের টার্গেট করে ফ্যামিলি কার্ডের আবেদন করার নামে ১০০ টাকা করে আদায় করা হয়েছে। আগামী রোববার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

এর আগে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে ফ্যামিলি কার্ডের অনলাইন আবেদন সম্পর্কে তথ্য দেন। পোস্টে উল্লেখ করা হয়— আবেদন করতে কোনো নমিনির প্রয়োজন নেই; এনআইডি কার্ড, একটি পাসপোর্ট সাইজ ছবি, মোবাইল নম্বর এবং স্বাক্ষর থাকলেই আবেদন করা যাবে এবং শুধুমাত্র নারীরা আবেদন করতে পারবেন।

ওই ঘোষণার পর ২৬ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নারীরা আবেদন করতে এলে তাদের কাছ থেকে ১০০ টাকা করে নেওয়া হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে সমালোচনা শুরু হয়।

পরবর্তীতে ২৮ ফেব্রুয়ারি ফুলবাড়ীয়া উপজেলা প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হককে প্রধান করে গঠিত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে নারীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণের ঘোষণা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে জেলার নান্দাইলসহ ১৪ উপজেলার একটি করে ইউনিয়নে পাইলট প্রকল্প হিসেবে এ কার্যক্রম শুরু হয়েছে। তবে সেই তালিকায় ফুলবাড়ীয়া উপজেলার নাম না থাকলেও আছিম পাটুলী ইউনিয়নে প্রচারণা চালিয়ে আবেদন নেওয়া শুরু করা হয়, যা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন তৈরি হয়।

ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম বলেন, ভাইরাল হওয়া ভিডিওতে অনিয়মের বিষয়টি স্পষ্ট হয়েছে। তবে তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা নেবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.