এইমাত্র পাওয়া

নতুন জাতীয় পে-স্কেল দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি: ১১ বছর পর বেতন কাঠামো সংশোধনের জোর দাবি

নিজস্ব প্রতিবেদক।। 

বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি (কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি) প্রধানমন্ত্রী বরাবর দ্রুত নতুন জাতীয় পে স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশের জন্য স্মারকলিপি দিয়েছে।

স্মারকলিপিতে পাঁচটি মূল যুক্তি তুলে ধরা হয়েছে। সোমবার (২ মার্চ) সমিতির আহ্বায়ক আবদুল মালেক ও সদস্য সচিব আশিকুল ইসলামসহ ৮ সদস্যের প্রতিনিধি দল প্রধানমন্ত্রী কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে বলা হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ খাতে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সাথে কাজ করে দেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিচ্ছেন। প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, আইন-শৃঙ্খলা ও অবকাঠামো উন্নয়নসহ সকল সেবামূলক ক্ষেত্রে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তবে, উল্লেখ করা হয়েছে যে, ২০১৫ সালে অষ্টম জাতীয় বেতন কাঠামো ঘোষণার পর প্রায় ১১ বছর অতিক্রান্ত হলেও নবম পে-স্কেল ঘোষণা করা হয়নি। এই দীর্ঘ সময়ে দেশের অর্থনৈতিক বাস্তবতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বর্তমান বেতন কাঠামোর মধ্যে জীবনযাপন করতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়ছেন। নিত্যপ্রয়োজনীয় পণ্য, বাসাভাড়া, বিদ্যুৎ, গ্যাস, শিক্ষা ও চিকিৎসার খরচ অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে, কিন্তু বেতন কাঠামোতে মৌলিক পরিবর্তন হয়নি।

নবম পে-স্কেল বাস্তবায়নের পক্ষে পাঁচটি যুক্তি

১. দীর্ঘ সময় বেতন কাঠামো অপরিবর্তিত

সাধারণত প্রতি ৫ বছর পর নতুন পে-স্কেল ঘোষণা করার প্রচলন থাকলেও প্রায় এক দশকের বেশি সময় ধরে নতুন পে-স্কেল ঘোষিত হয়নি। এতে সরকারি চাকরিজীবীদের ন্যায্য অধিকার ক্ষুণ্ণ হয়েছে।

২. দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি

২০১৫ সালের তুলনায় খাদ্যদ্রব্য, পরিবহন, বাসাভাড়া, চিকিৎসা ও শিক্ষা খাতে ব্যয় বহুগুণ বৃদ্ধি পেয়েছে, অথচ সরকারি কর্মচারীদের বেতন অপরিবর্তিত রয়েছে।

৩. সরকারি চাকরির মর্যাদা ও আকর্ষণ কমে যাওয়া

বর্তমান বেতন কাঠামো বাস্তব জীবনের ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় সরকারি চাকরির প্রতি আগ্রহ কমছে এবং কর্মচারীদের মনোবলেও নেতিবাচক প্রভাব পড়ছে।

৪. প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য বেতন নিশ্চিত করলে তাদের কর্মস্পৃহা ও দায়িত্ববোধ আরও বৃদ্ধি পাবে, যা রাষ্ট্রীয় সেবার মান উন্নত করতে সহায়ক হবে।

৫. সামাজিক নিরাপত্তা ও জীবনমান উন্নয়ন

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। তাদের জীবনমান উন্নত হলে তা রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.