নিজস্ব প্রতিবেদক।।
দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি, বকেয়া বিল পরিশোধ, এমপিও বন্ধ ও ছাড়করণ সংক্রান্ত জটিলতা নিষ্পত্তিতে আগামী ৮ মার্চ আপিল কমিটির গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ শুনানিতে দেশের বিভিন্ন জেলার ২৯ জন শিক্ষক-কর্মচারী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপিও সংক্রান্ত আপিল আবেদনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এই শুনানির আয়োজন করা হয়েছে। সভায় সংশ্লিষ্টদের নিয়োগপত্র, যোগদানের কাগজপত্র, অনুমোদন সংক্রান্ত নথি, এমপিও আবেদনপত্রসহ প্রয়োজনীয় সব দলিলপত্র যাচাই-বাছাই করা হবে।
তালিকাভুক্তদের মধ্যে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বারইপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গ্রন্থাগার) তাসিরুল ইসলাম। ঢাকার জুরাইন আশ্রাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অফিস সহকারী মো. ছালাম এবং রাজশাহীর বেলপুকুরিয়া মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষকেও তলব করা হয়েছে।
এছাড়া কুমিল্লার মনতলী স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক জহিরুল ইসলাম, রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অফিস সহকারী মোহাম্মদ শাহ জালাল এবং বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো. আব্দুর রাজ্জাকের নাম তালিকায় রয়েছে।
অন্যদের মধ্যে বরিশালের আলহাজ দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম, গাইবান্ধার আসাদুজ্জামান গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ এ কে এম গোলাম আযম এবং ব্রাহ্মণবাড়িয়ার বড়াইল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাজিদুল ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।
এছাড়াও লালমনিরহাট, ঝালকাঠি, নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, দিনাজপুর, নাটোর, পিরোজপুর, চাঁদপুর, ভোলা, কুষ্টিয়া ও মাগুরার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ২৯ জনকে শুনানিতে অংশ নিতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আপিল কমিটির এই শুনানি থেকে এমপিওভুক্তি, বকেয়া বিল প্রদান কিংবা এমপিও বাতিল সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। ফলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের জন্য ৮ মার্চের শুনানি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল