ঢাকা, মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬): শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার দুপুরে এনসিটিবি কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে তিনি পাঠ্যপুস্তক শতভাগ পরিমার্জনের নির্দেশ দেন এবং মাধ্যমিক স্তরে ‘শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা’ বই বাধ্যতামূলক করার ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। সেই ধারাবাহিকতায় পাঠ্যপুস্তক যুগোপযোগী, বৈজ্ঞানিক ও সময়োপযোগী করতে আবারও শতভাগ পরিমার্জন করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে মাধ্যমিক স্তরের (৬ষ্ঠ থেকে ৯ম-১০ম) “শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা” পাঠ্যবইটি সবার জন্য বাধ্যতামূলক করতে হবে। পাশাপাশি এ বিষয়ের ওপর নিয়মিত মূল্যায়ন পরীক্ষার ব্যবস্থাও চালুর কথা জানান তিনি।
কারিকুলাম প্রণয়ন ও পাঠ্যপুস্তক উন্নয়নে উচ্চমানের বিশেষজ্ঞদের সম্পৃক্ত করার নির্দেশ দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এ ক্ষেত্রে কোনো দলীয় বা ব্যক্তিগত বিবেচনা চলবে না। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে স্বচ্ছতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে।
এনসিটিবির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুবুল হক পাটোয়ারী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সচিব প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ এনসিটিবির বিভিন্ন উইংয়ের কর্মকর্তারা।
সভায় পাঠ্যপুস্তক পরিমার্জনের সময়সূচি, বিশেষজ্ঞ কমিটি গঠন এবং নতুন শিক্ষাবর্ষের আগে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার বিষয়েও আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
শিক্ষাবার্তা /এ/০৩ /০৩/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
