নিজস্ব প্রতিবেদক।।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে ২০২৬ সালের ২৮ বর্ষের নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি প্রকৌঃ মোঃ আব্দুল বারী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দের পক্ষে প্রকৌশলী মোঃ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট-এর অধ্যক্ষ রুহুল আমিন, প্রকৌঃ তুহিনুজ্জামান তুহিন, সাবেক অধ্যক্ষ লিয়াকত আলী, এ কে এম মনিরুল ইসলামসহ জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান অতিথি প্রকৌশলী মোঃ আলমগীর হোসেন নবনির্বাচিত কমিটিকে উদ্দেশ্য করে বলেন, “আপনাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা মর্যাদার সঙ্গে পালন করতে হবে। ডিপ্লোমা প্রকৌশলীদের পাশে থেকে পেশাগত সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখতে হবে।”
তিনি আরও বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আন্দোলন-সংগ্রামে সঠিক নেতৃত্ব দিয়ে ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার থাকতে হবে। দেশ গড়ার হাতিয়ার হিসেবে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিএসসি ইঞ্জিনিয়াররা যেখানে পরিকল্পনা ও দাপ্তরিক কাজে যুক্ত থাকেন, সেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বাস্তবায়নের মূল দায়িত্ব পালন করেন।
ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ১৯৭৮ সালে জিয়াউর রহমান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপ-সহকারী প্রকৌশলী পদ প্রদান করেন। পরবর্তীতে ১৯৯৪ সালে খালেদা জিয়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ম গ্রেড ও দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা প্রদান করে দীর্ঘদিনের দাবি পূরণ করেন।
তিনি অভিযোগ করেন, মীমাংসিত বিষয় নিয়ে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। তবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ অবস্থান তা কখনো সফল হতে দেবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
রমজান মাসের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি পেশাগত জীবনে সততা ও নিষ্ঠা বজায় রাখতে হবে। কুষ্টিয়া জেলা আইডিইবিকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাসও প্রদান করেন তিনি।

অনুষ্ঠানে ২০২৬ সালের জন্য কুষ্টিয়া জেলা আইডিইবির নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে।
সভাপতি: প্রকৌঃ মোঃ আব্দুল বারী
সাধারণ সম্পাদক: প্রকৌঃ আশরাফ আলী
সাংগঠনিক সম্পাদক: প্রকৌশলী মোঃ শাওন
নবনির্বাচিত সভাপতি প্রকৌঃ মোঃ আব্দুল বারী তার বক্তব্যে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও পেশাগত মর্যাদা রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয় এবং ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিলিত হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
