এইমাত্র পাওয়া

শিক্ষকের দুই পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক।।

নরসিংদীর শিবপুরে জমি নিয়ে বিরোধের জেরে আবু ছাঈদ মোগল নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষককে কুপিয়ে দুই পায়ের রগ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিপক্ষ স্বপন মোগলের বাড়িঘর ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পুটিয়া ইউনিয়নের মোল্লাকান্দা মোগল বাড়িতে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

আহত আবু ছাঈদ মোল্লাকান্দা গ্রামের জামাল উদ্দিন মোগলের ছেলে। তিনি ষাশপুর কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক। বর্তমানে সংকটাপন্ন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

আবু ছাঈদের মেয়ে রোকেয়া লিপি বলেন, প্রতিবেশী স্বপন মোগলের সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে আমি ওই জমিতে গেলে স্বপন মোগল এসে বাধা দিয়ে আমাকে মারধর করতে থাকে। আমার ডাক চিৎকারে বাবা ঘটনাস্থলে ছুটে আসেন। তখন স্বপন মোগল ও তার ভাই কিরণ মোগল দা দিয়ে কুপিয়ে আমার বাবার দুই পায়ের রগ কেটে দেয়। এসময় স্থানীয় লোকজনের সহায়তায় আমার বাবাকে উদ্ধার করে প্রথমে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যাই।

এদিকে শুক্রবার রাতে আবু ছাঈদ মোগল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যাওয়ার গুজব ছড়িয়ে পড়ে। এতে বিক্ষুব্ধ হয়ে এলাকাবাসী প্রতিপক্ষ স্বপন ও কিরণের বাড়িঘর ভাঙচুরসহ অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনুর মিয়া বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কুপিয়ে জখম করার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তার স্বজনরা থানায় অভিযোগ দায়ের করেছেন। শুক্রবার রাতে প্রতিপক্ষ স্বপন মোগলের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শিক্ষাবার্তা /এ/২১/০২/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.