নিজস্ব প্রতিবেদক।।
ঢাকা-৮ আসনের মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ ভোটকেন্দ্রে শাপলা প্রতীকের পোলিং এজেন্টকে কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। পরে সেনাবাহিনীর একটি দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সংশ্লিষ্ট এজেন্ট কেন্দ্রে প্রবেশের সুযোগ পান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, সকাল সাড়ে ৭টা পর্যন্ত গোলাম মোস্তফা নামে শাপলা প্রতীকের পোলিং এজেন্ট কেন্দ্রে প্রবেশ করতে পারেননি।
জানা গেছে, গোলাম মোস্তফা নাসির উদ্দিন পাটোয়ারীর শাপলা প্রতীকের পক্ষে দায়িত্বপ্রাপ্ত পোলিং এজেন্ট ছিলেন। তার কাছে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, ধানের শীষ প্রতীকের সমর্থকরা তাকে বাধা দেন।
কেন্দ্রের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে গোলাম মোস্তফা বলেন, ভোট শুরুর সময় সকাল সাড়ে সাতটা। আমি শাপলা প্রতীকের পোলিং এজেন্ট। কিন্তু এখনো আমাকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। পুলিশ থেকেও কোনো সহায়তা পাচ্ছি না। কেন আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নীরব।
পরে সেনাবাহিনীর একটি দল কেন্দ্রে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং তাকে প্রবেশ করতে দেওয়া হয়।
এ বিষয়ে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) মোমিন বলেন, বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। তার নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি তিনি জানার চেষ্টা করছেন। কারণ নিশ্চিত হলে পরে বিস্তারিত জানানো যাবে।
শিক্ষাবার্তা /এ/১২০২/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
