এইমাত্র পাওয়া

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ: জেলা অফিসে হাজিরার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক।।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রাপ্তদের আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে স্বশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত হতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীকে নিয়োগের জন্য আর বিবেচনা করা হবে না।

রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫ অনুসরণ করে উপজেলাভিত্তিক মেধাক্রম অনুযায়ী মোট ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে শর্তসাপেক্ষে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচিত প্রার্থীদের আগামী ২২ থেকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের কাছ থেকে স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ ও ডোপ টেস্ট রিপোর্ট সংগ্রহ করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দাখিল করতে হবে। স্বাস্থ্য সনদে কোনো প্রার্থীকে শারীরিকভাবে অনুপযুক্ত উল্লেখ করা হলে তিনি নিয়োগের জন্য বিবেচিত হবেন না।

এ ছাড়া পরিচিতি যাচাই ও কাগজপত্র পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে জাতীয় পরিচয়পত্রসহ সব শিক্ষাগত সনদের মূল কপি, যথাযথভাবে পূরণ করা তিন কপি পুলিশ ভেরিফিকেশন ফরম, স্বাস্থ্যগত সনদ, ডোপ টেস্ট রিপোর্ট এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটা সনদ নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপস্থিত থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কোনো প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন রিপোর্টে পূর্ব কার্যকলাপ সন্তোষজনক না হলে অথবা নাশকতা, সন্ত্রাসী, জঙ্গি কিংবা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাকে চাকরির জন্য অনুপযুক্ত হিসেবে বিবেচনা করা হবে।

প্রকাশিত ফলাফলে কোনো ভুল-ভ্রান্তি বা মুদ্রণজনিত ত্রুটি ধরা পড়লে তা সংশোধন বা প্রয়োজনবোধে ফল বাতিলের এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে বলেও জানানো হয়েছে। পাশাপাশি, কোনো প্রার্থী ভুল তথ্য প্রদান বা তথ্য গোপন করলে তার নির্বাচন বাতিল করা হবে।

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের জেলাওয়ারি রোল নম্বরের তালিকা দ্রুতই সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হবে এবং অফিসের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। পাশাপাশি তালিকা পাওয়া যাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও।

শিক্ষাবার্তা /এ/ ০৮/০২/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.