এইমাত্র পাওয়া

জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা

 নিজস্ব প্রতিবেদক।। 

অপরিহার্য বা জরুরি প্রয়োজন না হলে যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে ব্রিটিশ ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশে ভ্রমণ সতর্কতা হালনাগাদ করে এই নির্দেশনা দিয়েছে যুক্তরাজ্য।

এফসিডিও’র ভ্রমণ সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। নির্বাচনের সময় রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী গোষ্ঠীর হামলার ঝুঁকি রয়েছে। বিশেষ করে রাজনৈতিক সমাবেশ এবং ভোটকেন্দ্র লক্ষ্য করে হামলা হতে পারে বলে ব্রিটিশ নাগরিকদের সতর্ক করা হয়েছে।

বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, কোনো আগাম পূর্বাভাস ছাড়াই বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে। তাই ভ্রমণের ক্ষেত্রে আশেপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকতে হবে। পুলিশ বা নিরাপত্তা বাহিনীর উপস্থিতিসহ বড় ধরনের রাজনৈতিক সমাবেশ ও জনসমাগমস্থল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

একইসঙ্গে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ, সাবধানে ভ্রমণ পরিকল্পনা করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত রাখতে বলা হয়েছে।

ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর মনে করিয়ে দিয়েছে যে, কোনো ভ্রমণেই নিরাপত্তার শতভাগ নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়।

এর আগে ২২ জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করে দেশটির সরকার।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.