নিউজ ডেস্ক।।
ঢাকা ৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, নারীদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় আপসহীন থাকবে এবং মা বোনদের প্রতি কোনো ধরনের কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য দলটি কোনোভাবেই বরদাস্ত করবে না।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানী গেন্ডারিয়া থানার ৪৫ নং ওয়ার্ডে গণসংযোগ উদ্বোধনী পথসভায় তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, তার সৌভাগ্য এই নির্বাচনে বেগম খালেদা জিয়া প্রার্থী ছিলেন, একই সঙ্গে তারেক রহমানও প্রার্থী ছিলেন এবং তার নিজেরও প্রথম সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ হয়েছিল। তিনি আশা করেছিলেন, একই সংসদে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে থেকে জনগণের দাবি দাওয়া সংসদে উত্থাপন করবেন। তবে মহান আল্লাহ তায়ালা বেগম খালেদা জিয়াকে তার কাছে নিয়ে গেছেন। বেগম খালেদা জিয়ার ত্যাগ, অক্লান্ত পরিশ্রম ও গণতন্ত্রের প্রশ্নে আপসহীনতার আদর্শ বিএনপি নেতাকর্মীরা ধারণ করে রাজনীতি করে।
ইশরাক হোসেন অভিযোগ করেন, সম্প্রতি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল নারীদের প্রতি কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করে যাচ্ছেন। বিশেষ করে কর্মজীবী নারীদের নিয়ে করা সাম্প্রতিক মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় । বাংলাদেশের মানুষ এই ধরনের বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।
তিনি বলেন, আগামী দিনে নারীদের সর্বোচ্চ অধিকার সংরক্ষণ করা হবে। নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার বক্তব্যকে তিনি সুদূরপ্রসারী চক্রান্ত হিসেবে উল্লেখ করেন। তিনি দাবি করেন, স্বাধীনতাবিরোধীরা রাষ্ট্রক্ষমতায় গেলে নারীদের গৃহবন্দী করার আশঙ্কা রয়েছে।
নারীদের উদ্দেশে ইশরাক হোসেন বলেন, তাদের কোনো ভয় পাওয়ার কারণ নেই। বিএনপি তাদের পাশে রয়েছে এবং অধিকার রক্ষায় দল কাজ করে যাবে। তিনি নারী–পুরুষ নির্বিশেষে সবাইকে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
ইশরাক আরও বলেন, সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। দলের নেতা তারেক রহমান যেখানে যাচ্ছেন, সেখানেই জনতার ঢল নামছে। তিনি বিশ্বাস করেন, আগামী ১২ ফেব্রুয়ারি বিপুল ভোটে ধানের শীষ বিজয়ী হবে এবং বিএনপি সরকার গঠন করবে। তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু, ও গেন্ডারিয়া থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির উপস্থিত ছিলেন এছাড়াও স্থানীয় বিএনপি ও এলাকাবাসী নির্বাচনী গণসংযোগে যোগ দেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল