নিউজ ডেস্ক।।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানকে হুমকি দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করেছে জাবি শাখা জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে জাবি শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. শামসুল আলম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে একটি বিশেষ দলের পরিচয়ে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বাসার নিরাপত্তা প্রহরীর কাছে একটি বেনামি চিঠি দেওয়া হয়। চিঠিতে ধর্ম ও দল নিয়ে কথা বললে ‘অন্যান্যদের দায় আপনাকেই নিতে হবে’—এমন কথা লেখা থাকে। জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম মনে করে, এটি একটি স্পষ্ট প্রাণনাশের হুমকি এবং বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান দীর্ঘদিন ধরে নারীর ক্ষমতায়ন, মুক্তিযুদ্ধের চেতনা, যৌন-সংখ্যালঘুদের অধিকারসহ নানা মানবাধিকার ইস্যুতে গণমাধ্যমে মতপ্রকাশ করে আসছেন। এসব বিষয়ে মত প্রকাশের কারণেই তাকে পরিকল্পিতভাবে ভয়ভীতি ও হুমকির মুখে ফেলা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে ফোরামের সভাপতি-সাধারণ সম্পাদক বলেন, ‘সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের হেনস্তার ঘটনা একটি ধারাবাহিক প্রবণতায় পরিণত হয়েছে, যা গণতান্ত্রিক ও সাংবিধানিক চেতনার পরিপন্থী। গত বছর অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ৫০০ ধারায় মামলা দায়েরের ঘটনাও মতপ্রকাশের স্বাধীনতা হরণের উদাহরণ।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, হুমকিমূলক ইমেইল এবং আক্রমণাত্মক মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

