অনলাইন ডেস্ক।।
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হচ্ছে। যদিও বর্তমান অন্তর্বর্তী সরকার আর কোনো পদোন্নতি দিতে আগ্রহী ছিল না। বিভিন্ন দপ্তর ও সংস্থায় কর্মকর্তা স্বল্পতায় প্রতিনিয়ত নানা জটিলতা তৈরি হওয়ায় পদোন্নতির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। পদোন্নতিতে নিয়মিত হিসেবে ২০তম ব্যাচকে বিবেচনা করা হচ্ছে।
১০০-এর কিছু বেশি কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হতে পারে। এক্ষেত্রে ২ শতাধিক কর্মকর্তা পদোন্নতি থেকে ছিটকে পড়তে পারেন। এ ছাড়া ২৪ ব্যাচের যুগ্ম সচিব হওয়া থেকে বাদ পড়াদের বিষয়ে পুনর্বিবেচনার সিদ্ধান্ত আসতে যাচ্ছে। জনপ্রশাসনসহ সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
অতিরিক্ত সচিব পদোন্নতি নিয়ে মন্ত্রিপরিষদ সচিব বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পদোন্নতি নিয়ে আমাদের সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) বসেছি, দরকার হলে আরও বসব। এসএসবিতে আমার ভূমিকা আছে, যখন বসি তখন সে ভূমিকাটা পালন করি। তবে বিষয়টি সারসংক্ষেপ পাঠানো, জিও করার বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিষয়।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গত বছর থেকেই শোনা যাচ্ছিল ২০ ব্যাচের কর্মকর্তারা যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব হচ্ছেন।
সেটি এখনো আলোর মুখ দেখেনি। একই চেয়ারে কাজ করে ২০ ব্যাচের কর্মকর্তারা চোখে অন্ধকার দেখছেন। পদোন্নতির ঢিলেমি নিয়ে নিজেরাও বিরক্ত। ব্যাচমেটদের কক্ষে বসে এ নিয়ে তাদের আফসোস করতে শোনা যায়। এই ব্যাচ অতিরিক্ত সচিব হওয়ার যোগ্যতা অর্জন করেছে বহু আগেই।
২০০১ সালের ২ মে তারা চাকরিতে যোগ দিয়ে যুগ্ম সচিব পদে পদোন্নতি পান ২০২১ সালের ২৯ অক্টোবর। সে হিসাবে যুগ্ম সচিব পদে তাঁদের পার হয়েছে চার বছর। এই ব্যাচে পদোন্নতির যোগ্য রয়েছেন ২৫৬ জন কর্মকর্তা। এ ছাড়া লেফট আউট, ইকোনমিক ও অন্যান্য মিলে পদোন্নতির যোগ্য ছিল প্রায় ৭০ জন। সব মিলিয়ে কমপক্ষে ৩০০ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হলে ভালো হতো। সূত্র আরও জানায়, অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিতে গত বছরের মাঝামাঝি থেকে কর্মকর্তাদের বিষয়ে অনুসন্ধান করে তথ্য সংগ্রহ করেছে সরকার। কর্মকর্তাদের চাকরির রেকর্ড, শৃঙ্খলাসহ সব ধরনের গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হয়েছে।
বিগত সময়ে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রীদের পিএস, ডিসির দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বাদ দিয়ে পদোন্নতি দিতে অনেক এসএসবি বৈঠকও হয়েছে। তবে শেষ পর্যন্ত আর পদোন্নতি দেওয়া হয়নি।
জনপ্রশাসন সূত্র জানিয়েছে, এতদিনেও এ ব্যাচের পদোন্নতি না হওয়ার কারণ হলো বিগত সরকারের সময় তাদের বেশির ভাগ সদস্য রাতের ভোটে সহযোগিতা করেছিলেন। এ ছাড়াও তফসিল ঘোষণার পর অন্তর্বর্তী সরকার মনে করেছে, পরবর্তী রাজনৈতিক সরকার এ পদোন্নতি দিক। এদিকে, অনেক মন্ত্রণালয়ে কর্মকর্তার অভাবে কাজে স্থবিরতা নেমে আসছে। এর মধ্যে কয়েকটি মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিবরা তিন চারজনের দায়িত্ব সামলাচ্ছেন। এমন পরিস্থিতিতে তফসিলের পর কয়েকটি এসএসবি করে তালিকা প্রায় চূড়ান্ত করা হয়েছে। শুরুর দিকে দেড় শতাধিক কর্মকর্তার পদোন্নতির সিদ্ধান্তের কথা চাউর ছিল। পরে এসএসবির একাধিক বৈঠকে সেই তালিকা পর্যায়ক্রমে ছোট হতে থাকে। একটি সূত্র জানায়, এবারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি ১২০-১২৫ জন হতে পারে। এর বেশি নয়। সে হিসেবে ২ শতাধিক কর্মকর্তা বাদ পড়ছেন। এর মধ্যে বিগত সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রীদের পিএস, ডিসির দায়িত্ব পালন করা কর্মকর্তারা বাদ পড়ার তালিকায় রয়েছেন।
যে কোনো সময় জনপ্রশাসন থেকে সার সংক্ষেপ পাঠানো হবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সেটি ফেরত আসামাত্রই প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন। অতিরিক্ত সচিবের বর্তমান পদ ৪১৮টি থাকলেও সরকারি কর্মচারী বাতায়ন (জেমস) তথ্য অনুসারে ২৮৫ জন কর্মরত। একদিকে যেমন কম আছে তেমনি প্রতিনিয়ত কমছে এ সংখ্যা। এ কারণে অনন্ত ৪০টির মতো দপ্তর/সংস্থার প্রধানের শূন্য পদে উপযুক্ত কর্মকর্তা পদায়ন করতে পারছে না জনপ্রশাসন মন্ত্রণালয়। বিভিন্ন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিবের পদ ফাঁকা।
এদিকে, বিসিএস প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচের মোট কর্মকর্তা ৩৪৪ জন। গত বছরের মার্চে ১৯৬ কর্মকর্তার পদোন্নতি পেলেও বঞ্চিত হন ১৮০ কর্মকর্তা। বঞ্চিতরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলে পদোন্নতি পুনর্বিবেচনার উদ্যোগ নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এত দিনেও সেটি কার্যকর হয়নি। নির্বাচনের আগে তাদেরও একটি সুখবর আসতে যাচ্ছে বলে জানা গেছে। তবে, সেটি অতিরিক্ত সচিব পদোন্নতির পর।
জনপ্রশাসন বিশেষজ্ঞ এবং সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ফিরোজ মিয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পদোন্নতির যোগ্যতা অর্জন করলে দেওয়াই উত্তম। নির্বাচনের সঙ্গে পদোন্নতির কোনো সম্পর্ক নেই। পদোন্নতি নিয়মিত প্রক্রিয়া। যেহেতু অতিরিক্ত সচিব কম এজন্য যোগ্য কর্মকর্তা যারা আছেন তাদের দেওয়া উচিত।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
