এইমাত্র পাওয়া

ঢাবির বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৭.৪৬ শতাংশ

নিজস্ব প্রতিবেদক।। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া এক লাখ দুই হাজার ৯৩ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন সাত হাজার ৬২১ জন। পাশের হার সাত দশমিক ৪৬ শতাংশ।

সোমবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,

এ বছর এক হাজার ৮৯১ টি আসনের বিপরীতে এক লাখ ১৪ হাজার ১১৪ জন আবেদন করেন,
পরীক্ষায় অংশ নেন এক লাখ দুই হাজার ৯৩ জন,
উত্তীর্ণ হয়েছেন সাত হাজার ৬২১ জন।
তার মধ্যে-

বিজ্ঞান শাখার সাত হাজার ২১২ জন,
মানবিক শাখার ৩০০ জন এবং
ব্যবসায় শিক্ষা শাখার ১০৯ জন উত্তীর্ণ হয়েছেন।
চার হাজার ২৭৮ জনের পরীক্ষা বাতিল হয়েছেন,
পাশের হার সাত দশমিক ৪৬ শতাংশ।
গত ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় রাজউক উত্তরা মডেল কলেজের নাফিম ফুয়াদ ফাতিন প্রথম, নটরডেম কলেজের মাহির আহমেদ দ্বিতীয় এবং নটরডেম কলেজের নাবিদ হাসান তৃতীয় স্থান অধিকার করেছেন।

পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। এছাড়া, গ্রামীণফোন, বাংলালিংক অথবা টেলিটক মোবাইল নম্বর থেকে DU SCI ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি SMS-এ ফল জানা যাবে।

উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ২৭ জানুয়ারি বিকাল তিনটা থেকে পাঁচ ফেব্রুয়ারি বিকাল তিনটা পর্যন্ত বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে পারবেন।

বিভিন্ন কোটায় আবেদনকারীদের আগামী এক ফেব্রুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট কোটার ফরম বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ ও যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে। ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য ফি সাপেক্ষে ২৭ জানুয়ারি থেকে এক ফেব্রুয়ারি পর্যন্ত বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে। তিন ফেব্রুয়ারি সিদ্ধান্ত জানানো হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.