নিজস্ব প্রতিবেদক।।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭ হাজার ২০৮টি পদে শিক্ষক নিয়োগের জন্য প্রকাশিত ৭ম বিশেষ গণবিজ্ঞপ্তির সুপারিশ নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা বিলম্বিত হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে পূর্বনির্ধারিত সভা অনুষ্ঠিত না হওয়ায় এই সময়সীমা পেছাতে হয়েছে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
রোববার (২৫ জানুয়ারি) এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম জানান, সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তির সুপারিশ রোববার অথবা সোমবার দেওয়ার পরিকল্পনা থাকলেও শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হওয়া প্রয়োজন। সভাটি না হওয়ায় সুপারিশের কার্যক্রম সাময়িকভাবে পিছিয়ে গেছে। তবে চলতি সপ্তাহের মধ্যেই ৭ম বিশেষ গণবিজ্ঞপ্তির সুপারিশ সম্পন্ন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সভার সম্ভাব্য সময় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) ৭ম বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভা শেষে প্রার্থীদের নিয়োগ সুপারিশ কার্যক্রম শুরু করা হবে।
উল্লেখ্য, ৭ম বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয় গত ১০ জানুয়ারি। স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি এই তিন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য আবেদন গ্রহণ চলে ১৭ জানুয়ারি পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ছিল ১৮ জানুয়ারি।
এনটিআরসিএ সূত্রে জানা গেছে, ৭ম বিশেষ গণবিজ্ঞপ্তিতে মোট ৬৭ হাজার ২০৮টি পদে শিক্ষক নিয়োগের কথা রয়েছে। এর মধ্যে স্কুল ও কলেজে শূন্য পদ রয়েছে ২৯ হাজার ৫৭১টি, মাদ্রাসায় ৩৬ হাজার ৮০৪টি এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে রয়েছে ৮৩৩টি পদ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
