এইমাত্র পাওয়া

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হবে আজ

নিজস্ব প্রতিবেদক।। 

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন ও ভাতার সুপারিশ সংবলিত প্রতিবেদন আজ বুধবার বিকাল ৫টায় জমা দেবে বেতন কমিশন। কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সব সদস্যকে সঙ্গে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এ প্রতিবেদন হস্তান্তর করবেন। এ সময় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ উপস্থিত থাকবেন। গতকাল মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এ তথ্য জানান। তবে প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে জমা দেওয়ার আগে এর বিস্তারিত বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, পে-স্কেলের প্রতিবেদন বুধবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। বাস্তবায়ন এই সরকারের সময়ে হবে কি না, তা স্পষ্ট নয়। তবে এই প্রস্তাব তৈরি করা অন্তর্বর্তী সরকারের বড় অর্জন বলে আমি মনে করি। অন্তর্বর্তী সরকারের তৈরি করা পে-স্কেলের প্রস্তাবে সরকারি চাকরিজীবীরা সন্তুষ্ট হবেন বলেও আশা করেন অর্থ উপদেষ্টা।

দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বেতন কমিশন ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো আংশিক বাস্তবায়ন করার পরিকল্পনায় রয়েছে। আর পুরো কাঠামো কার্যকর করার প্রস্তাব দেওয়া হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাত্ আগামী ১ জুলাই থেকে। দায়িত্বশীল সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমানে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা, যা দ্বিগুণেরও বেশি বাড়ানোর প্রস্তাব রয়েছে। অন্যদিকে সর্বোচ্চ ধাপে বর্তমানে ৭৮ হাজার টাকা বেতন থাকলেও তা বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকার বেশি করার সুপারিশ করা হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১:৮ রাখার প্রস্তাবও রয়েছে।

এদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বেতন ভাতা খাতে ২২ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। নতুন বেতনকাঠামো আংশিক বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবেই সরকার এ উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। বেতন কমিশনের হিসাব অনুযায়ী, নতুন বেতনকাঠামো পুরোপুরি বাস্তবায়ন করতে অতিরিক্ত ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। প্রস্তাবিত কাঠামোয় নিচের দিকের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা তুলনামূলকভাবে বেশি বাড়ানোর সুপারিশ রয়েছে।

পে কমিশনের একটি সূত্র জানিয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বর্তমানে মূল বেতনের ২০ শতাংশ বৈশাখী ভাতা পেয়ে থাকেন। এটি বাড়িয়ে বৈশাখী ভাতা মূল বেতনের ৫০ শতাংশ করার সুপারিশ করা হবে। তবে ঈদ বোনাস আগের মতোই থাকবে।

উল্লেখ্য, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো নির্ধারণের লক্ষ্যে গত বছরের ২৭ জুলাই ২১ সদস্যের বেতন কমিশন গঠন করা হয়। কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান জাকির আহমেদ খান। ছয় মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও বর্তমানে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এখনো ২০১৫ সালের বেতনকাঠামো অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.