ঢাকা, ১৮ জানুয়ারি ২০২৬ (রবিবার):
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ চূড়ান্ত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন শেষে চূড়ান্ত খসড়া আজ মন্ত্রিপরিষদ বিভাগে (Cabinet Division) পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দ্রুততম সময়ের মধ্যেই অধ্যাদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন লাভ করবে বলে আশা করা হচ্ছে।
জানা গেছে, অধ্যাদেশ চূড়ান্ত করার আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে একাধিক গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করতে হয়েছে। এর মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর মতামত গ্রহণ, ওয়েবসাইটে খসড়া প্রকাশের মাধ্যমে সর্বসাধারণের মতামত সংগ্রহ, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন এবং শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের অভিমত গ্রহণ উল্লেখযোগ্য।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে আরও জানা যায়, অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের যৌক্তিক প্রত্যাশা ও উত্থাপিত উদ্বেগসমূহ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। বিশেষভাবে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার উপযোগী একটি কাঠামো নির্ধারণ করাই ছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রধান লক্ষ্য।
প্রেস রিলিজে বলা হয়, টেকসই ও বিশ্বমানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য মৌলিক ও উপরিকাঠামোগত সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ধাপে ধাপে ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা প্রয়োজন। যেকোনো পর্যায়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা বিশৃঙ্খলা পুরো উদ্যোগকে বাধাগ্রস্ত করতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
এ প্রেক্ষাপটে, অধ্যাদেশটি বর্তমানে সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদনের অপেক্ষায় থাকায় জনদুর্ভোগ সৃষ্টি হয় বা স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়—এমন কোনো কর্মসূচি বা কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আবেগপ্রসূত বা অস্থিতিশীল পরিস্থিতি দীর্ঘদিনের পরিশ্রম ও অর্জনকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলেও উল্লেখ করা হয়।
শিক্ষা মন্ত্রণালয় আশা প্রকাশ করে জানিয়েছে, পারস্পরিক সহযোগিতা ও ধৈর্যের এই ধারাবাহিকতা বজায় থাকলে খুব শিগগিরই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আনুষ্ঠানিক যাত্রা নিশ্চিত করা সম্ভব হবে। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
