নিজস্ব প্রতিবেদক।।
শীতের শুরুতেই রাজধানীর অনেক ঘরে সরকারি পাইপলাইনের গ্যাস সংকট দেখা দিয়েছে। মাসের পর মাস বিল পরিশোধ করলেও গ্রাহকরা ন্যূনতম গ্যাস পাচ্ছেন না, অন্যদিকে এলপিজি সংকট ও দামের ঊর্ধ্বগতি তাদের আরও ভোগান্তিতে ফেলেছে। বহু পরিবার বাধ্য হয়ে মাটির চুলা বা ইলেকট্রিক চুলার ওপর নির্ভর করছেন।
বর্তমানে বাসাবাড়িতে ব্যবহৃত দুই চুলার পাইপলাইন গ্যাসের মাসিক বিল ১ হাজার ৮০ টাকা। সরকারি হিসেবে এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩০৬ টাকা। তবে বাস্তবে তা কিনতে হচ্ছে অন্তত ২ হাজার ২০০ টাকায়। একদিকে পাইপলাইন গ্যাসের ঘাটতি, অন্যদিকে এলপিজির বাড়তি দাম গ্রাহকদের দিশেহারা করে তুলেছে।
মোহাম্মদপুরের কাদেরিয়া মাদ্রাসা রোডে বসবাসরত গৃহিণী পারভীন আক্তার জানান, তাদের বাসায় পাইপলাইন গ্যাসের সংযোগ থাকলেও শীত শুরু হওয়ার পর চুলায় গ্যাসের চাপ একেবারেই কমে গেছে। অনেক সময় সারাদিনই গ্যাস থাকে না। রাত ১২টার পর সামান্য গ্যাস এলেও তাতে ঠিকভাবে রান্না করা সম্ভব হয় না। বাধ্য হয়ে এলপিজি সিলিন্ডার কিনতে হয়েছে। এতে একদিকে সরকারি গ্যাসের বিল, অন্যদিকে এলপিজির অতিরিক্ত খরচ দুটোই বহন করতে হচ্ছে।
মিরপুর এলাকার বেসরকারি চাকরিজীবী আসাদ আবেদীন বলেন, পাইপলাইনের গ্যাস সারাবছরই পর্যাপ্ত পাওয়া যায় না, শীতে তো একেবারেই থাকে না। অথচ নিয়মিত বিল দিতে হচ্ছে। মাঝরাতে কিছুটা গ্যাস এলে তখনই রান্নার কাজ সেরে নিতে হয়। সেটাও যথেষ্ট নয়। বাধ্য হয়ে মাটির চুলা তৈরি করে তাতে রান্না করতে হচ্ছে।
টঙ্গী এলাকায় বসবাসরত মোস্তফা পাটোয়ারী জানান, বাসার সরকারি গ্যাস লাইনে শীতকালে একেবারেই গ্যাস থাকে না। গ্রীষ্মে কিছুটা পাওয়া গেলেও এখন পরিস্থিতি আরও খারাপ। বাধ্য হয়ে এলপিজি সিলিন্ডার কিনেছিলেন, কিন্তু সেটিও এখন বাজারে মিলছে না। আর যে দামে বিক্রি হচ্ছে, তা তার পক্ষে কেনা সম্ভব নয়। তাই বিকল্প হিসেবে মাটির চুলায় রান্না করছেন।
দেশে বাজারে ৫ কোটি ৫০ লাখের মতো সিলিন্ডার থাকা সত্ত্বেও বর্তমানে মাত্র ১ কোটি ২৫ লাখ সিলিন্ডারই রিফিল হচ্ছে। বড় এলপিজি কোম্পানিগুলোর আমদানি বন্ধ থাকার কারণে ঘাটতি পূরণ করা সম্ভব হচ্ছে না
এলপিজি ব্যবসায়ী সমিতি
তবে ঢাকার অধিকাংশ বহুতল ভবনে মাটির চুলা ব্যবহার করার সুযোগ নেই। ফলে অনেকেই বিকল্প হিসেবে ইলেকট্রিক বা ইন্ডাকশন চুলার দিকে ঝুঁকছেন। কোম্পানি ও মানভেদে বর্তমানে এসব চুলার দাম ৪ হাজার থেকে ৮ হাজার টাকার মধ্যে।
সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, গ্যাস সংকট বাড়ায় ইন্ডাকশন চুলার বিক্রি কয়েক গুণ বেড়েছে।
এলপি গ্যাসের তীব্র সংকট
ডিসেম্বরের মাঝামাঝি থেকেই দেশজুড়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) মিলছে না। সে সময় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন প্রতি সিলিন্ডারের দাম ১,২৫৩ টাকা নির্ধারণ করলেও বাজারে তা বিক্রি হতে থাকে ১,৮০০ টাকায়। জানুয়ারিতে সংকট আরও তীব্র হয়েছে। বর্তমানে সরকারিভাবে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১,৩০৬ টাকা হলেও বাস্তবে তা বিক্রি হচ্ছে ২,২০০ টাকায়।
আন্তর্জাতিকভাবে এলপিজি সরবরাহে বিঘ্ন ঘটায় এই সংকট তৈরি হয়েছে। এলসি খোলা থাকলেও জাহাজের ওপর নিষেধাজ্ঞা থাকায় পণ্য আসতে পারছে না। এ ছাড়া বর্তমানে ইউরোপেও এলপিজির চাহিদা অনেকটা বেড়ে গেছে। ফলে সার্বিকভাবে বাংলাদেশেও তার প্রভাব পড়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
