এইমাত্র পাওয়া

কেন্দ্রীয় ভর্তি শেষ, তবু ফাঁকা ৮ লাখ আসন

নিউজ ডেস্ক।। 

কেন্দ্রীয় লটারি ও নির্ধারিত ভর্তি কার্যক্রম শেষ হলেও দেশের সরকারি ও বেসরকারি স্কুলগুলোয় এখনও প্রায় ৮ লাখ আসন শূন্য পড়ে রয়েছে। বিপরীতে লটারিতে সুযোগ না পেয়ে বহু শিক্ষার্থী এখনও কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেনি। এই বৈপরীত্যের ফলে শূন্য আসন পূরণে নতুন করে ভর্তি কার্যক্রম চালুর কথা জানিয়েছে শিক্ষা প্রশাসন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, সারা দেশের সরকারি স্কুলগুলোতে মোট ১ লাখ ২১ হাজার ৫৯৬টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ে ৭ লাখ ১৯ হাজার ৮৫৮টি। এর মধ্যে ভর্তির সুযোগ পেয়েছে ১ লাখ ৭ হাজার ৫২১ জন শিক্ষার্থী। এর বিপরীতে ভর্তি কার্যক্রম শেষে সরকারি স্কুলে বর্তমানে ১৪ হাজার ৭৫টি আসন শূন্য রয়েছে।

অন্যদিকে বেসরকারি স্কুলগুলোয় পরিস্থিতি আরও উদ্বেগজনক। সেখানে ১০ লাখ ৭২ হাজার ৯১৭টি আসনের বিপরীতে আবেদন করে মাত্র ৩ লাখ ৩৬ হাজার ১৯৬ শিক্ষার্থী। এর মধ্যে ভর্তির সুযোগ পেয়েছে ১ লাখ ৯৭ হাজার ৯৭৮ জন। ফলে সাড়ে ৮ লাখের বেশি আসন এখনও ফাঁকা পড়ে আছে।

রাজধানীর রামপুরার একজন অভিভাবক তানজিনা মোস্তফা বলেন, এই এলাকায় কোনো সরকারি মাধ্যমিক স্কুল না থাকায় পাশের থানাধীন স্কুলে আবেদন করেও সন্তানের জন্য কোথাও ভর্তি নিশ্চিত করতে পারিনি। নামি স্কুলে আসন সংকট থাকলেও আশপাশের অনেক স্কুলে আসন ফাঁকা থাকছেÑ এটা খুবই হতাশাজনক।

এ প্রসঙ্গে শিক্ষাবিদ অধ্যাপক মোজাম্মেল হক চৌধুরী বলেন, অধিকাংশ অভিভাবকের নামি ও জনপ্রিয় স্কুলমুখী প্রবণতার কারণেই এই বৈষম্য তৈরি হচ্ছে। ফলে কিছু স্কুলে চাহিদা অতিরিক্ত হলেও বেশির ভাগ স্কুলে আসন পূরণ হচ্ছে না।

শূন্য আসনে ভর্তির বিষয়ে মাউশির পরিচালক অধ্যাপক মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, কেন্দ্রীয় ভর্তি শেষে যেসব স্কুলে আসন শূন্য রয়েছে, সেগুলো পূরণে সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। সংশ্লিষ্ট স্কুলগুলো মাউশির অনুমতি নিয়ে স্থানীয়ভাবে পুনরায় লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করাতে পারবে। এই প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতে শিক্ষা অধিদপ্তর, জেলা প্রশাসন ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

মাউশির পরিচালক জানান, অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে নতুন আবেদন এলে লটারির মাধ্যমেই ভর্তি নিশ্চিত করতে হবে। লটারি ছাড়া সরাসরি ভর্তির কোনো সুযোগ নেই।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading