এইমাত্র পাওয়া

শিগগিরই আসছে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের সপ্তম গণবিজ্ঞপ্তি, আবেদনে নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদক।। 

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) শিক্ষক নিয়োগের জন্য বহুল প্রতীক্ষিত সপ্তম গণবিজ্ঞপ্তি (7th NTRCA Gono Biggopti) প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) খুব শিগগিরই এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে দেশজুড়ে প্রায় ৬৭ হাজার ২০৮টি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

এ সিদ্ধান্তের ফলে যে কোনো মুহূর্তে শিক্ষক নিয়োগের সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। রোববার (৪ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান, সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য এনটিআরসিএ মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়েছিল। যাচাই-বাছাই শেষে মন্ত্রণালয় সেটির অনুমোদন দিয়েছে। ওই কর্মকর্তা আরও জানান, মোট ৬৭ হাজার ২০৮টি শূন্য পদের বিপরীতে শিক্ষক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্য পদের তথ্য সংগ্রহ করা হয়েছে। এতে মোট ৭২ হাজার শূন্য পদের তথ্য পাওয়া গেছে।

এর মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ৩০ হাজার ২৭৯টি, মাদ্রাসা পর্যায়ে ৪০ হাজার ৮৩৮টি এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৯১টি শূন্য পদের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।

পছন্দের তালিকা ৪০ থেকে কমে ৭টি (Choice List Change)
এনটিআরসিএ সূত্র জানায়, আগে একজন প্রার্থী সর্বোচ্চ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দ (Choice List) দিতে পারতেন। তবে সপ্তম গণবিজ্ঞপ্তিতে একজন প্রার্থী মাত্র ৭টি শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দ করার সুযোগ পাবেন।

আদার অপশন : যদি কোনো প্রার্থী এই ৭টি প্রতিষ্ঠানের বাইরেও অন্য কোথাও চাকরি করতে আগ্রহী হন, তবে তাকে ই-অ্যাপ্লিকেশন ফরমে ‘আদার অপশন’ বক্সে ‘ইয়েস’ (Yes) সিলেক্ট করতে হবে। যারা নির্দিষ্ট তালিকার বাইরে যেতে চান না, তারা ‘নো’ (No) অপশন বেছে নেবেন।

ইনডেক্সধারী শিক্ষকদের আবেদন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ালেও এনটিআরসিএ স্পষ্ট করেছে:

সমপদে আবেদন বন্ধ: শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন অনুযায়ী, ইনডেক্সধারী শিক্ষকদের একই পর্যায়ে আবেদন করার সুযোগ নেই।

ব্যতিক্রম: তবে কারো যদি স্কুলে ইনডেক্স থাকে কিন্তু কলেজে নেই (এবং নিবন্ধন আছে), তবে তিনি কলেজে আবেদন করতে পারবেন। একইভাবে কলেজের শিক্ষকরা স্কুলে আবেদন করতে পারবেন।

সনদের মেয়াদ: নিবন্ধন সনদের মেয়াদ শিক্ষা মন্ত্রণালয়ের সবশেষ পরিপত্র অনুযায়ী ৩ বছরই থাকছে।

সংশ্লিষ্টরা বলছেন, এ গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা নিবন্ধনধারী শিক্ষক প্রার্থীদের জন্য বড় সুযোগ তৈরি হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.