নিজস্ব প্রতিবেদক।।
কুয়াশার কারণে লাইট জ্বালিয়ে চলছে গাড়ি
নতুন বছরের শুরুতেই দেশব্যাপী তীব্র শীত ও শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। শনিবার (৩ জানুয়ারি) কৃত্রিম ভূ-উপগ্রহের চিত্র বিশ্লেষণ করে তিনি জানান, উত্তর-পশ্চিম ভারত থেকে আগত কুয়াশার বলয় ইতিমধ্যে দেশে প্রবেশ করতে শুরু করেছে।
ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহের চিত্র অনুযায়ী, দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাচ্ছে। এর মধ্যে সিলেট ও ময়মনসিংহ বিভাগের সব জেলা এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলা উল্লেখযোগ্য।
গবেষক পলাশ সতর্ক করে জানিয়েছেন— আজ সন্ধ্যার পর থেকে ময়মনসিংহ বিভাগের জেলাগুলো খুবই ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকতে পারে।
মেঘনা, সুরমা ও কুশিয়ারা নদীর ওপর ঘন কুয়াশা থাকার সম্ভাবনা থাকায় নৌযানগুলোকে সাবধানে ও নিয়ন্ত্রিত গতিতে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
বিভাগীয় পূর্বাভাস মতে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং ঢাকা, চট্টগ্রাম ও বরিশালে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
শনিবার সন্ধ্যার পর থেকে কুয়াশার পরিমাণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশব্যাপী তাপমাত্রা দ্রুত কমতে শুরু করবে। আগামীকাল রোববার (৪ জানুয়ারি) থেকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গিয়ে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
মূলত উত্তর-পশ্চিম ভারত থেকে আসা কুয়াশার বলয়টি রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে প্রবেশ করায় এই দুই অঞ্চলে শীতের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
