এইমাত্র পাওয়া

সেক্যুলার শিক্ষা ব্যবস্থা মানুষকে নৈতিকতা শেখায় না: মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

নিউজ ডেস্ক।। 

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নুরুল হক বলেছেন, সেক্যুলার শিক্ষা ব্যবস্থা মানুষের নৈতিকতা শেখায় না। এ শিক্ষা ব্যবস্থা মানুষকে কেবল সনদধারী করে তুলছে, প্রকৃত অর্থে মানুষ হিসেবে গড়ে তুলতে পারছে না।

শুক্রবার (২ ডিসেম্বর) জাবাল-ই-নূর ফাউন্ডেশনের উদ্যোগে মানিকগঞ্জে দাখিল মাদ্রাসা শাখার সবক প্রদান উপলক্ষে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রফেসর নুরুল হক বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য শুধু কর্মসংস্থান নয়; বরং নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধসম্পন্ন মানুষ তৈরি করা। কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষার ঘাটতির কারণে সমাজে অপরাধ, অনৈতিকতা ও অবক্ষয় বাড়ছে।

তিনি আরও বলেন, ইসলামি শিক্ষা মানুষের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কুরআন ও সুন্নাহভিত্তিক শিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী সৎ, ন্যায়পরায়ণ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা ও আখলাককে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়, যা বর্তমান সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

প্রধান অতিথি বলেন, উপমহাদেশে ব্রিটিশ শাসনামলে পরিকল্পিতভাবে আলিয়া ও কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়। ইসলামী শিক্ষা ও উলামায়ে কেরামের প্রভাব কমাতে নানা ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়, যার ফলে এদেশে ইসলামী শিক্ষা বহু বছর পিছিয়ে পড়ে এবং মুসলিম সমাজ নেতৃত্বশূন্য হয়ে পড়ে।

তিনি বলেন, ব্রিটিশদের সেই শিক্ষা নীতির প্রভাব এখনো সমাজ ও শিক্ষা ব্যবস্থায় বিদ্যমান। এ অবস্থা থেকে উত্তরণে মাদ্রাসা শিক্ষার মর্যাদা ও ভূমিকা রাষ্ট্রীয়ভাবে আরও সুদৃঢ় করা প্রয়োজন।

অনুষ্ঠানে জাবাল-ই-নূর ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মো. তৌহিদ হোসেনের সঞ্চালনায় মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আতিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা আমির হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম এবং বেগম জরিনা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল করিম বিশ্বাস।

এছাড়া জুলাই আন্দোলনে নিহত সাভারের জাবাল-ই-নূর দাখিল মাদ্রাসার শিক্ষার্থী শহীদ সাদ মাহমুদের পিতা বাহাদুর খান বক্তব্য রাখেন।

আলোচনা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading