ঢাকাঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ পরিবহন সেবার ব্যবস্থা করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় থেকে ৩টি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।
পরিবহন দপ্তরসূত্রে জানা গেছে, বুধবার (৩১ ডিসেম্বর) সকালে ২টি বাস ও ১টি এসি মিনিবাস বিশ্ববিদ্যালয় থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। এর মধ্যে ১টি বাস ও ১টি এসি মিনিবাস ভোর ৫টায় ময়মনসিংহ টাউন হল থেকে ছেড়ে ক্যাম্পাসে আসে। এরপর সকাল ৬টায় ২টি বাস ও ১টি এসি মিনিবাস একত্রে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। জানাজা শেষ হওয়ার ২ ঘণ্টা পর নির্দিষ্ট স্থান থেকে গাড়িগুলো আবার ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসবে।
এ বিষয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি সাপেক্ষে জানাজায় অংশ নেয়ার সুবিধার্থে ৩টি গাড়ির ব্যবস্থা করা হয়েছে।
খালেদা জিয়ার মৃত্যুতে জাতির এক অপূরণীয় ক্ষতির কথা উল্লেখ করে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এছাড়াও শোক বিবৃতির মাধ্যমে সমবেদনা জানিয়েছে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, সাদা দল, ইউনিভার্সিটি টিচার্স লিংক এবং বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
প্রসঙ্গত, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ আর্থ্রাইটিস, হৃদরোগ, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ৩০ ডিসেম্বর ভোর ৬টায় ইন্তেকাল করেন তিনি।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩১/১২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
